রওশন এরশাদের মুখপাত্র হলেন কাজী মামুন
উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:২৭
জাতীয় পার্টির (জাপা) দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ও দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদকে জাপা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের মুখপাত্র করা হয়েছে। তিনি হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।
রোববার (৬ নভেম্বর) জাতীয় পার্টির এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। আদেশে বলা হয়, যুগ্ম আহ্বায়কদের মতামত ও সবার সম্মতিতে জাতীয় পার্টির দশম কাউন্সিল না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশীদ জাপা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
যুগ্ম আহ্বায়কদের চূড়ান্ত সিদ্ধান্ত ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহর সুপারিশক্রমে কাজী মামুনুর রশীদের নিয়োগ অনুমোদন দিয়েছেন রওশন এরশাদ।
এ আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে। এখন থেকে যেকোনো সংবাদ ও তথ্য বা সাংগঠনিক আদেশ সংবাদমাধ্যমে সরবরাহ করা হবে মুখপাত্রের পর্যবেক্ষণ ও অনুমোদন সাপেক্ষে। তা গণমাধ্যমে পাঠানো হবে প্রেস উইংয়ের মাধ্যমে।
ইউডি/এআই

