ফাইনালে ইন্ডিয়া-পাকিস্তান লড়াই?
উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:০১
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের ফাইনাল খেলেছিল ইন্ডিয়া ও পাকিস্তান। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা জিতেছিল ইন্ডিয়া। এবার আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দেখা যেতে পারে এশিয়ার দুই পরাশক্তিকে। এমনকি এই দুই দলের মুখোমুখি লড়াইও সম্ভব।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ এ গ্রুপ-২ এর লড়াইটা শুরু হয়েছিল মেলবোর্নে ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ দিয়ে। বিশ্বকাপের আগে দুবাইতে এশিয়া কাপেও দুবার মুখোমুখি হয়েছিল তারা। দু’দলই নিশ্চিত করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। ফলে আবারও সম্ভাবনা দেখা দিয়েছে ভারত-পাকিস্তান ক্রিকেট মহারণের।
দুই ‘চিরশত্রু’ এর আগে বৈশ্বিক কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল একবারই, ২০০৭ টি২০ বিশ্বকাপে।
সেবার ইন্ডিয়া সেমিফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবার পাঁচ ম্যাচের চারটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন ইন্ডিয়া খেলবে অন্য গ্রুপের রানার্সআপ ইংল্যান্ডের সঙ্গে।
পাকিস্তান খেলবে ২০০৭-এর মতোই নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি হবে ৯ নভেম্বর সিডনিতে। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল হবে পরদিন অ্যাডিলেইডে। তাই ১৩ নভেম্বর মেলবোর্নে আরেকটি ভারত-পাকিস্তান মহারণ দেখার সুযোগ থাকছে সমর্থকদের।
ইউডি/এআই

