ডেঙ্গুতে এক দিনে মৃত্যু ৫, আক্রান্ত ৮২০
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:১৮
সারাদেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৮২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ৮২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২২৩ জনে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া ৪৫০ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭০ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯৪৭ জন। আর ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ২৭৬ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৪ হাজার ৮০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪১ হাজার ৩৯৭ জন।
ইউডি/কেএস

