আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন: সেনেটে হাড্ডাহাড্ডি, হাউসে এগিয়ে রিপাবলিকানরা
উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১১:৫৫
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে উচ্চকক্ষ সেনেটে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও নিম্নকক্ষ হাউস অব রেপ্রিজেনেটিভস এ রিপাবলিকানরা এগিয়ে আছে।
মঙ্গলবারের এ নির্বাচনে সেনেটের ৩৫টি আসনে এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলোতে ভোট হয়েছে; তবে কিছু আসনে ভোট গ্রহণ এখনও চলছে। পাশাপাশি এদিন ৩৬টি রাজ্যের গভর্নর পদেও ভোট হয়েছে।
এ নির্বাচনের আগ পর্যন্ত সেনেটে দুই পক্ষের উভয়েরই ৫০টি করে আসন থাকলেও আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের টাই-ব্রেকিং ভোটের কারণে উচ্চ এ কক্ষটির নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতেই ছিল। মধ্যবর্তী নির্বাচনে সেনেটের নিয়ন্ত্রণ কাদের হাতে যাচ্ছে তা আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে সেনেটে দুপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি স্পষ্ট হলেও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা অনেকটা এগিয়ে আছে, আর এ কক্ষের নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনীয় পাঁচটি আসনও তারা তুলে নেবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
গভর্নর নির্বাচনের প্রাপ্ত ফলাফলেও রিপাবলিকানরা সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে। প্রতিনিধি পরিষদ ডেমোক্রেটদের হাতছাড়া হয়ে গেলে মেয়াদের বাকি দুই বছর প্রেসিডেন্ট জো বাইডেনকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, ডেমোক্রেটদের চাহিদা অনুযায়ী আইন পাসে বাধার মুখে পড়তে হবে তাকে।
ইউডি/সুপ্ত

