পেনসিলভেইনিয়ায় ডেমোক্র্যাটদের জয়, নেভাডা-উইসকনসিনে চোখ রিপাবলিকানদের
উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:১৫
রিপাবলিকানদের কাছ থেকে পেনসিলভেইনিয়ায় সেনেট আসন ছিনিয়ে নিতে পারায় মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ডেমোক্র্যাটরা। অবশ্য গুরুত্বপূর্ণ আরও দুটি রাজ্য নেভাডা ও উইসকনসিনে রিপাবলিকানরা সামান্য ব্যবধানে এগিয়ে আছে। এ দুটি রাজ্যে ডেমোক্র্যাটরা হারলে সেনেটের নিয়ন্ত্রণ কার হাতে যাবে তা ঠিক করবে জর্জিয়ার ভোটের ফল। জর্জিয়ার নির্বাচনী বিধান অনুযায়ী, কোনো প্রার্থী ৫০ শতাংশর বেশি ভোট না পেলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে ‘রান অফ’ ভোট হবে।
পেনসিলভানিয়ায় ৯৩ শতাংশ ভোট গণনা শেষে ডেমোক্র্যাট প্রার্থী জন ফেটারম্যান রিপাবলিকান ওজ মেহমেতের চেয়ে আড়াই শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন। ভোটের হার বিশ্লেষণ করে বেশিরভাগ গণমাধ্যম এরই মধ্যে তাকে বিজয়ী ঘোষণা করেছে।
নেভাদায় ৮০ শতাংশ ভোট গণনা শেষে রিপাবলিকান প্রার্থী অ্যাডাম ল্যাক্সেল্টকে তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীর তুলনায় আড়াই শতাংশের বেশি ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। দুজনের প্রাপ্ত ভোটের ব্যবধান ২৩ হাজারেরও কম। এখনও বিপুল সংখ্যক ভোট গণনার বাইরে থাকায় এ রাজ্যের ফল গোলায় তোলার ব্যাপারে আশাবাদী ডেমোক্র্যাট প্রার্থী ক্যাথরিন কর্টেজ মাস্তো।
হাড্ডাহাড্ডি লড়াই চলছে উইসকনসিনেও; এখানে ৯৪ শতাংশ ভোট গণনা শেষে রিপাবলিকান প্রার্থী রন জনসন ডেমোক্র্যাট ম্যান্ডেলা বারনেসের চেয়ে মাত্র ৩২ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
জর্জিয়ায় ডেমোক্র্যাট রাফায়েল ওয়ারনকের সঙ্গে রিপাবলিকান হারশেল ওয়াকারের ভোটের ব্যবধান ১৮ হাজারের সামান্য বেশি। গণনা হয়েছে ৯৬ শতাংশ ভোট। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ডিসেম্বরে দুজনকে ফের ‘রান অফ’ ভোটে লড়তে হবে।
সেনেটে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান উভয় দল ৪৮টি করে আসন পেয়েছে ঝুলন্ত অবস্থা সৃষ্টি হলেও প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের আধিপত্য স্পষ্ট। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩৫ আসনের নিম্নকক্ষে ১৯৯টি আসন এরই মধ্যে ব্যাগে ঢুকিয়ে ফেলেছে ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল। ডেমোক্র্যাটরা পেয়েছে ১৭৩টি।
ইউডি/সুপ্ত

