গুলশান-বনানী-বারিধারা লেকে মাছ চাষ করবে ডিএনসিসি

গুলশান-বনানী-বারিধারা লেকে মাছ চাষ করবে ডিএনসিসি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৩৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আমরা নিয়মিত লেক পরিষ্কার করছি, খাল ও ড্রেন পরিষ্কার করছি। কিন্তু বাসা-বাড়ির পয়োবর্জ্যের লাইন খালে গিয়ে প্রতিনিয়ত খালের পানি দূষিত করছে। দূষণের ফলে খালে মাছের চাষ করতে পারছি না, সেখানে মশার চাষ হচ্ছে। এটি আর হতে দেওয়া যাবে না। গুলশান, বনানী ও বারিধারা লেকের দূষণ রোধ করে মাছ চাষ করা হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর সমাপ্তি উপলক্ষে রাজধানীর কুড়িল লেকে মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ডিএনসিসি মেয়র বলেন, শুধু কুড়িল লেকে নয়। পর্যায়ক্রমে সবগুলো লেকে মাছ চাষ করা হবে। গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার লেকগুলোতে মাছ চাষ করার বিষয়ে মৎস্য অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। অধিদপ্তর আমাকে জানিয়েছে এসব লেকের পানি দূষিত। এগুলোতে মাছ মারা যাবে। অতএব লেকের পানি দূষণ থেকে রক্ষা করতে হবে। পয়োবর্জ্যের লাইন লেকে দেওয়া যাবে না। বাসা-বাড়িতে অ্যাট সোর্সে পয়োবর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। আমাদের সিটি করপোরেশনের টিম বাড়ি বাড়ি গিয়ে পয়োবর্জ্যের লাইন পরিদর্শন করছে। পয়োবর্জ্যের লাইন ড্রেনে বা খালে পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী একদিকে যেমন পদ্মাসেতু ও বঙ্গবন্ধু টানেলের মতো মেগা প্রকল্প নির্মাণ করছেন অন্যদিকে পশুপালন, মৎস্য চাষ ও কৃষির উন্নয়ন করে চলেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সবাইকে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে পশুপালন, মৎস্য চাষ ও কৃষির প্রতি গুরুত্বারোপ করতে হবে। চাষযোগ্য জমিতে চাষ করতে হবে। জলাশয়, লেক, পুকুরে মাছ চাষ করতে হবে।

শহরের জলাধার ভরাট করে ভবন নির্মাণ করতে দেওয়া হবে না উল্লেখ করে মেয়র বলেন, কুড়িল ফ্লাইওভার সংলগ্ন জলাধার ভরাট করে পাঁচ তারকা হোটেল নির্মাণ কাজ শুরু হলে আমি জনগণকে সঙ্গে নিয়ে সেটি বন্ধ করে দিয়েছিলাম। জনগণকে সঙ্গে নিয়ে লাউতলা খাল উদ্ধার করে পানির প্রবাহ নিশ্চিত করেছি। শহরে জলাধার, লেক ভরাট করে ভবন নির্মাণ করতে দেওয়া হবে না।

ডিএনসিসি মেয়র আরও বলেন, শহরকে বাঁচাতে হলে সবাইকে সচেতন হতে হবে। শহরকে, দেশকে মনে প্রাণে ভালোবাসতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে নভেম্বর মাসেও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ড্রেন বা নর্দমার পানিতে কিন্তু এডিস মশার জন্ম হয় না। জমে থাকা স্বচ্ছ পানিতেই এডিসের লার্ভা জন্মায়। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। জমে থাকা স্বচ্ছ পানি ফেলে দিন।

ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা বি.এম. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইসহাক মিয়া, সংরক্ষিত নারী কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন প্রমুখ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading