ফারদিনের মৃত্যুর নেপথ্যে ‘প্রেম’, মামলা ডিবিতে হস্তান্তর

ফারদিনের মৃত্যুর নেপথ্যে ‘প্রেম’, মামলা ডিবিতে হস্তান্তর

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৫৫

৪ নভেম্বর রাত ৯টা ৫৫ মিনিট। রাজধানীর রামপুরা টিভি ভবনের সামনের রাস্তা দিয়ে রিকশায় যাচ্ছিলেন বুয়েট শিক্ষার্থী ফারদিন। সঙ্গী ছিলেন ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাতুল্লাহ বুশরা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে এ দৃশ্য।

আর ফারদিনের ফোন লোকেশনে দেখা যায়, শুক্রবার বিকেলে ডেমরার নিজ বাসা থেকে রামপুরা হয়ে ধানমন্ডি যান তিনি। সেখান থেকে নীলক্ষেত হয়ে কেরানীগঞ্জে যান ফারদিন। পরে পুরান ঢাকার জনসন রোডে এসে ফোনটি বন্ধ হয়ে যায়।

পুলিশের ধারণা, বুয়েটছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর নেপথ্যে থাকতে পারে ‘প্রেম’। তাই প্রধান আসামি বান্ধবী বুশরাকে পাঁচ দিনের পুলিশ হেফাজত দিয়েছেন আদালত।

রামপুরায় থাকেন শিক্ষার্থী আমাতুল্লাহ বুশরা। রামপুরার সিসি ক্যামেরার ফুটেজ ও ফোন লোকেশনের সময় দুটিই মিলে যায়, যা স্বীকার করেছেন বুশরাও। তবে তার দাবি, বাকি সময়টাতে ফারদিনের সঙ্গে ছিলেন না তিনি। রামপুরার পুলিশ বক্সে তাকে নামিয়ে চলে গিয়েছিলেন ফারদিন।

তবে, দুদিন নিখোঁজের পর সোমবার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হয় বুয়েটছাত্র ফারদিনের মরদেহ। বুধবার রাতে রামপুরা থানায় বুশরাসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দিন রানা।

মামলার কয়েক ঘণ্টা পর বুশরাকে গ্রেপ্তার দেখায় রামপুরা থানা পুলিশ। নিয়েছে পাঁচ দিনের রিমান্ডে।

ডিএমপি মতিঝিল বিভাগ উপ-কমিশনার হায়াতুল ইসলাম খান জানান, গত রাত সাড়ে তিনটায় নিহত ফারদিনের বাবা তার বান্ধবী বুশরাকে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।

বুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন ফারদিন নুর পরশ। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে এ মাসেই স্পেন যাবার কথা ছিল তার।

ফারদিন হত্যা মামলা ডিবিতে, চলছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা

ফারদিন নূর পরশ হত্যা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফারদিনের বান্ধবীকে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়াও অপরাধীদের ধরতে নগরীর বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ যাচাই বাছাই চলছে।

নিখোঁজের তিনদিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। ৭ নভেম্বর রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মী নারায়ণ কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদীতে পরশের মরদেহ উদ্ধার করা হয়।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading