প্রথম নারী প্রেসিডেন্ট পেল স্লোভেনিয়া
উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ১০:১২
স্লোভানিয়ার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নাতাসা পিরক মুসার। তিনি পেশায় একজন সাংবাদিক ও আইনজীবী। দেশটির কেন্দ্রীয় বাম সরকার সমর্থিত স্বাধীন প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে লড়েছিলেন তিনি।
স্থানীয় সময় সোমবার (১৪ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রক্ষণশীল রাজনীতিবিদ আনজে লোগারকে হারিয়ে নাতাসা পিরক মুসার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
নব নির্বাচিত এ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন বলে জানা যায়।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে নাতাসা প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়ে জিতেছেন; অন্যদিকে লোগার পেয়েছেন ৪৬ শতাংশ ভোট। নির্বাচনে ৪৯ দশমিক ৯ শতাংশ ভোটার ভোটদান করেন।
নির্বাচনে জয়ের পরপরই নাতাসা বলেন, ‘স্লোভেনিয়া এমন একজন প্রেসিডেন্টকে নির্বাচিত করেছে যিনি গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের ওপর বিশ্বাস রাখেন।’
তিনি উল্লেখ করেন, বিশ্ব এখন ‘জলবায়ু পরিবর্তনের কারণে কঠিন সময়ের মুখোমুখি।
‘তরুণরা এখন আমাদের কাঁধে আমাদের এই পৃথিবীর যত্ন নেওয়ার দায়িত্ব তুলে দিয়েছেন। যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের শিশুরা সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশে বসবাস নিশ্চিত করতে পারে’, বলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট নাতাসা।
স্লোভেনিয়ার নতুন প্রেসিডেন্ট নাতাসা পিরক মুসার সশস্ত্র বাহিনীরও প্রধান হবেন। তিনি তার ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ বেশ কয়েকটি শীর্ষ কর্মকর্তাকে মনোনীত করতে পারবেন।
ইউডি/এআই

