বালিতে বাইডেন-শি সাক্ষাত: সম্পর্ক উন্নয়নে জোর

বালিতে বাইডেন-শি সাক্ষাত: সম্পর্ক উন্নয়নে জোর

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ২০:০৫

ইন্দোনেশিয়ার বালিতে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জি২০ সম্মেলন। যে সম্মেলনে যোগ দিতে বিশ্বনেতারা এখন বালিতে জড়ো হয়েছেন। ওই সম্মেলনে যোগ দিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংইন্দোনেশিয়া পৌঁছেছেন। সেখানেই সোমবার (১৪ নভেম্বর) দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে প্রথম মুখোমুখি সাক্ষাৎ করেছেন।

বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর শি’র সঙ্গে এটাই তার প্রথম মুখোমুখি সাক্ষাৎ। যদিও ২০২১ সালের জানুয়ারিতে বাইডেন শপথ গ্রহণের পর দুই নেতার মধ্যে পাঁচবার ফোনে বা ভিডিওতে কথা হয়েছে। তাদের সর্বশেষ দেখা হয়েছিল যখন বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট এবং বাইডেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

সোমবার বালির নুসা দুয়া বে তে অবস্থিত বিলাশবহুল হোটেল মুলিয়ার বলরুমে সারি করে রাখা চীন ও আমেরিকার পতাকার সামনে এই দুই নেতা হাসিমুখে করমর্দন করেন বলে জানায় আন্তর্জাতিক বার্তা সংস্থা। দুজনই এই সময়ে দুজনের প্রতি খুবই আন্তরিক আচরণ করেন। শি’র পিঠে হাত রেখে বাইডেন বলেন, আপনার সাক্ষাৎ পাওয়া সত্যিই দারুণ।

পরে সাংবাদিকদের সামনে বক্তৃতা দেন বাইডেন। সেখানে তিনি চীনের সঙ্গে ব্যক্তিগত এবং সরকারি উভয় পর্যায়ে যোগাযোগের রাস্তা সবসময় খোলা রাখারও প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমার মতে, দুই দেশের নেতা হিসেবে আমরা দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত। এটি দেখাতে যে, চীন এবং আমেরিকা নিজেদের মধ্যে পার্থক্যগুলো মানিয়ে নিতে পারে, প্রতিযোগিতা বন্ধ করতে পারে। যা সংঘাতে পরিণত হতে পারে এবং যেসব জরুরি বৈশ্বিক বিষয়ে আমাদের যৌথ সহযোগিতা প্রয়োজন সেসব বিষয়ে একজোট হয়ে কাজ করার পথ খুঁজে বের করতে। তিনি জলবায়ু পরিবর্তন এবং খাদ্য নিরাপত্তাহীনতাকে সমস্যা হিসেবে উল্লেখ করে আরও বলেন, বিশ্ব আশা করছে তারা দুই দেশ এই সমস্যার সমাধান করবে।

জবাবে শি বলেন, বিশ্ব যা প্রত্যাশা করে তাদের দুই দেশের মধ্যে সম্পর্ক তেমনটা নয়। তাই আমাদের চীন-আমেরিকা সম্পর্কের জন্য সঠিক তালিকা প্রস্তুত করা প্রয়োজন। দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির জন্য আমাদের সঠিক দিকনির্দেশনা খুঁজে বের করতে হবে এবং সম্পর্ককে উন্নত করতে হবে। শি চীন-আমেরিকা সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনতে বাইডেনের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন। সাক্ষাতের সময় দুই নেতার কেউই মাস্ক পরে ছিলেন না। যদিও তাদের সঙ্গে থাকা কূটনীতিকরা সবাই মাস্ক পরে ছিলেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading