নোরা ফাতেহির ঢাকায় আগমন: কর আদায় নিশ্চিতে এনবিআরের চিঠি
উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ২০:৪০
কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহিকে দেশের অনুষ্ঠানে আনায় যত খরচ হবে, তার ৩০ শতাংশ উৎসে কর হিসাবে পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এই কর কেটে নেওয়া নিশ্চিত করতে এনবিআর সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তরসহ আয়োজকদের চিঠি দিয়েছে। আয়োজকরা অবশ্য বলেছেন, উৎসে কর ইতোমধ্যে পরিশোধ করেছেন তারা। সোমবার (১৪ নভেম্বর) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। নোরা ফাতেহি প্রথমবারের মতো ঢাকায় আসার অনুমতি পেয়েছেন। বিদেশি শিল্পী হিসেবে ঢাকায় এসে কাজ করে পারিশ্রমিক বা সম্মানি নিলে আইন অনুযায়ী তাকে উৎসে কর পরিশোধ করতে হবে।
আগামী ১৮ নভেম্বর ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২’ ও ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসছেন বলিউড তারকা নোরা ফাতেহি। কাতার বিশ্বকাপের ‘থিম সং’র শিল্পী নোরা বাংলাদেশের এই অনুষ্ঠানে কী পরিমাণ পারিশ্রমিক নিচ্ছেন, তা কোনো তরফেই প্রকাশ করা হয়নি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নোরা ফাতহিকে আনার ক্ষেত্রে চারটি শর্ত দেয় আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ কর্পোরেশনকে, যেখানে এটাও ছিল- ‘প্রযোজক কর্তৃক বিদেশি অভিনেত্রীর সঙ্গে সম্পাদিত চুক্তিমূল্য, বিমান ভাড়া, হোটেল ভাড়া (থাকা খাওয়াসহ) এবং যাতায়াত ভাড়ার উপর ৩০ শতাংশ হারে দেওয়া অগ্রিম কর সরকারকে দিতে হবে’।
বিদেশি শিল্পীদের বাংলাদেশের যে কোনো ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য চুক্তিপত্রে উল্লিখিত পারিশ্রমিক ছাড়াও অভিনেতা/অভিনেত্রী ও কলাকুশলীদের জন্য পরিশোধিত অন্যান্য সব খরচ তথা বিমান বা অন্যান্য পরিবহনের মাধ্যমে পরিশোধযোগ্য যাতায়াত খরচ, তাদের থাকা খাওয়ার খরচ ইত্যাদি সব খরচের ওপর পরিশোধিত এবং পরিশোধযোগ্য মোট অর্থের উপর আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ৫৬ ধারার বিধান অনুযায়ী ৩০% হারে উৎসে আয়কর পরিশোধ করার বাধ্যবাধকতা/বিধান রয়েছে।
সূত্র জানায়, বিদেশি অভিনেতা/অভিনেত্রীদের বাংলাদেশের চলচ্চিত্র ও অন্যান্য ক্ষেত্রে অভিনয়ের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশে আগমনের অনুমতি/ওয়ার্ক পারমিট দেয়। চলতি বছরের ৭ নভেম্বর দৈনিক পত্রিকার খবরের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের দৃষ্টি আকর্ষণ হয় যে, উইমেন লিডারশিপ কর্পোরেশনের ব্যবস্থাপনায় ১৮ নভেম্বর ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শ্যুটিংয়ে অংশ নিতে বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহি বাংলাদেশে আগমনের অনুমতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে অভিনেত্রী নোরা ফাতেহি ও অন্যান্য বিদেশি শিল্পী/সেলিব্রেটি ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শ্যুটিংয়ে অংশ নেওয়ার নিমিত্তে উৎসে আয়কর দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
ইউডি/সুপ্ত

