পাকিস্তানে টাইগার যুবাদের সিরিজ জয়
উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ২১:২০
পাকিস্তানের যুবাদের তাদের মাটিতে হারিয়ে একদিনের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। মুলতানে জয়ের জন্য ২২১ রান তাড়া করতে নেমে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের টপ অর্ডারের বেশিরভাগ ব্যাটাররা। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচ হারে বাংলাদেশের যুবারা। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ৪ উইকেট জিতে সিরিজ জিতেছে যুব দল।
পাকিস্তানের দেওয়া ২২১ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডার পাঁচ ব্যাটারের মধ্যে চারজন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন। তারপরও আশিকুর রহমান, আহরার আমিন ও পারভেজ রহমানের হাফসেঞ্চুরিতে ৪ ওভার আগেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও ওপেনার আশিকুর রহমান ছিলেন অবিচল। শাহরিয়ার সাকিব (১), মোহাম্মদ সোহাগ (৮) ও মোহাম্মদ শিহাব (৭) রান করতে না পারলেও আশিকুরকে সঙ্গ দেন। এই সুযোগে আশিকুর খেলেন ৭২ রানের ইনিংস। ৭৪ বলে ১১ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ওপেনার।
আশিকুরের বিদায়ের পর মিডল অর্ডারের দুই ব্যাটার আহরার আমিন ও পারভেজ রহমানের ৮৫ রানের জুটিতে সহজেই জিতে যায় বাংলাদেশ। জয় থেকে ২৩ রান দূরে থাকতে আহরার আউট হন। ৯৫ বলে ৬ চারে তিনি তার ৫২ রানের ইনিংসটি সাজান। পারভেজ অবশ্য ৫৭ রানে অপরাজিত থাকেন। ৮৪ বলে ৫ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান পারভেজ।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪২ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রানের পুঁজি গড়ে পাকিস্তান। স্বাগতিদের হয়ে তাইয়েব আরিফ ৮৭, আরাফাত ৪৩ এবং উজাইর মুমতাজ ৩৪ রান করেছেন। বাংলাদেশের জয়ে রোহানাত দৌল্লাহ বর্ষণ ও রাফিউজ্জামান দুটি করে উইকেট নিয়েছেন।
ইউডি/সুপ্ত

