সাইকেল চালিয়ে সুইডেন থেকে মিশর

সাইকেল চালিয়ে সুইডেন থেকে মিশর
৭২ বছর বয়সী সুইডিশ পরিবেশবাদী দোরোথি হিলডেব্র্যান্ড সুইডেন থেকে মিশর যেতে প্রায় আট হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করেছেন।

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ নভেম্বর ২০২২ । আপডেট ২২:৪০

বায়ুদূষণ রুখতে সাইকেল চালানোর পরামর্শ দিয়েছেন ৭২ বছর বয়সী সুইডিশ পরিবেশবাদী দোরোথি হিলডেব্র্যান্ড। শুধু আহ্বান জানিয়ে থেমে জাননি তিনি, করেও দেখিয়েছেন। সুইডেন থেকে সাইকেল চালিয়ে ১৭টি দেশ পাড়ি দিয়ে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৭ এ যোগ দিতে মিশরে পৌঁছেছেন তিনি।

শূন্য ডিগ্রি তাপমাত্রায় বরফ গলতে শুরু করে। তাপমাত্রা যত বেশি হয় বরফ তত দ্রুত গলে। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য মতে, বর্তমান বিশ্বের গড় তাপমাত্রা এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিন দিন ব্যাপক হারে গলছে অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ডসহ পৃথিবীর বড় বড় বরফখ্ণ্ড।

বরফ গলার ফলে পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় আছে দ্বীপরাষ্ট্রগুলো। বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বরফ গলার প্রধান কারণ। আর উষ্ণতা বৃদ্ধির কারণ মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণ।

বিশ্বের পরিবেশবাদীদের দাবি, কার্বন নিঃসরণ কমাতে হলে কমাতে হবে জ্বালানি চালিত গাড়ির ব্যবহার। মোটরসাইকেলের পরিবর্তে চালাতে হবে বাইসাইকেল। তেমনই একজন ৭২ বছর বয়সি সুইডিশ পরিবেশবাদী দোরোথি। তেল পুড়িয়ে বাস, ট্রেন চলাচলে ঘোর আপত্তি তার।

সুইডিশ পরিবেশবাদী দোরোথি বলেন, ‘বিশ্ববাসীকে বলতে চাই বিশ্বকে রক্ষায় পদক্ষেপ নেয়ার এখনই উপযুক্ত সময়। জলবায়ু পরিবর্তন রোধে ব্যবস্থা নিতে হবে। সাইকেল চালিয়ে এতোদূর আসা কষ্টকর হলেও অসম্ভব নয়। আমি পেরেছি, আশা করি অন্যরাও পারবেন।’

সুইডেন থেকে ১৭টি দেশের উপর দিয়ে আট হাজার কিলোমিটার রাস্তা পেরিয়ে মিশরে পৌঁছেছেন এই নারী। বিশ্বের প্রায় ২০০ দেশের ৩০ হাজারের বেশি প্রতিনিধিরা জড়ো হয়েছেন এখানে। সবার প্রতি এই পরিবেশবাদীর আহ্বান- কমাতে হবে কার্বন নিঃসরণ।

কার্বন নিঃসরণের জন্য সবচেয়ে বেশি দায়ী চীন, আমেরিকার মতো বৃহৎ অর্থনীতির দেশগুলো। প্রতিবছর জলবায়ু সম্মেলন হলেও সঠিক কর্মপন্থার অভাবে তেমন সুফল বয়ে আনে না। আর সম্মেলন কেন্দ্রের বাইরে বিক্ষোভ করেন পরিবেশবাদীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্ল্যাকার্ড হাতে শত শত বিক্ষোভকারী উপস্থিত হয়েছেন মিশরের শার্ম আল শেখে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading