টুইটার ব্লু ফিরছে নভেম্বরেই
উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ নভেম্বর ২০২২ । আপডেট ২১:৩০
নভেম্বর মাসেই টুইটারের মাসিক আট ডলারের বিনিময়ে নতুন ‘ব্লু’ গ্রাহক সেবা ফিরিয়ে আনার কথা জানিয়েছেন ইলন মাস্ক। সেবাটি পুনরায় ফিরবে ২৯ নভেম্বর। এক টুইটে মাস্ক বলেন, সেবাটি যেন ‘আগের চেয়ে পাকাপোক্ত হয়, তা নিশ্চিত করতে’ নতুন তারিখে পুনরায় এর উন্মোচনে ‘জোর’ দিচ্ছেন তিনি।
মাস্ক আরও বলছেন, পুনরায় ‘ব্লু’ সেবা চালুর মাধ্যমে ‘ভেরিফায়েড নেইম’ পরিবর্তন করলে টুইটার ওই নাম নিশ্চিত না করা পর্যন্ত ব্যবহারকারী তার নামের পাশে থাকা নীল রঙের টিক চিহ্ন হারাবেন।

চলতি মাসের শুরুতে আইওএস-এ প্রথমবার নতুন এই গ্রাহক সেবা চালু করে টুইটার। তবে, প্ল্যাটফর্মে বিভিন্ন ছদ্মবেশী অ্যাকাউন্ট ‘মাথা চাড়া’ দেওয়ায় কিছুদিন পর সেবাটি স্থগিত হয়ে যায়। এই বিশৃঙ্খল পরিস্থিতির কারণে নকল এক নিনটেন্ডো অ্যাকাউন্ট থেকে গেইম সিরিজ ‘সুপার মারিও’র মূল চরিত্র মারিওকে ‘মধ্যাঙ্গুলি প্রদর্শন’ করতে দেখা গেছে। এ ছাড়া, আরেকটি অ্যাকাউন্ট ছদ্মবেশ ধরেছিল ফার্মাসিউটিকাল জায়ান্ট ‘এলি লিলি’র। এক টুইটে তারা দাবি করে, এখন বিনামূল্যেই মিলবে ইনসুলিন।
ইউডি/সুপ্ত

