সিলেটে শনিবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট
‘প্রশাসন দাবি পূরণের আশ্বাস দিলে আমরা কর্মসূচি প্রত্যাহার করতে পারি’
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:১৬
সিলেটে আগামী শনিবার বাস ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি। একইদিনে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু মালিক সমিতি জানিয়েছে, এই ধর্মঘট বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে ডাকা হয়নি। এই কর্মসূচি তাদের পূর্বঘোষিত।
এর আগে গণসমাবেশের সময় পরিবহন ধর্মঘট ডাকা হবে না বলে জানানো হয়েছে মালিক সমিতির পক্ষ থেকে।
সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ‘বাস ধর্মঘটের সঙ্গে বিএনপির সমাবেশের সম্পর্ক নেই। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ ধর্মঘট ডাকা হয়েছে।
‘মহাসড়কে রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা চলাচল বন্ধ করা, নতুন করে অটোরিকশার নিবন্ধন না দেয়ার দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছিলেন। ১৯ নভেম্বরের মধ্যে দাবি না মানলে পরদিন থেকে ধর্মঘটের আলটিমেটাম দেয়া হয়। এর অংশ হিসেবে শনিবার সকাল ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বাস ধর্মঘট পালিত হবে’, বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘প্রশাসন দাবি পূরণের আশ্বাস দিলে আমরা কর্মসূচি প্রত্যাহার করতে পারি।’
নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। এর অংশ হিসেবে ১৯ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বলেন, ‘দীর্ঘদিন সড়কে দুর্ঘটনা প্রতিরোধে নতুন করে কোনো সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন না দিতে দাবি করেছিলাম আমরা। রেজিস্ট্রেশন না দিতে এবং যাত্রীদের নিরাপত্তার জন্য এসব গাড়ির উভয় পাশে গ্রিল লাগানো ও চালকের আসন ছোট করার দাবিতে শনিবার সিলেটে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালনের ডাক দেয়া হয়েছে।’
ইউডি/এআই

