একদিনে ৫৫৯ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ৬
উত্তরদক্ষিণ । শনিবার, ১৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৫০
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। ডেঙ্গু-আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে ৬ জনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে ২২৬ জনের।
এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৭৬৪ জন।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। হাসপাতালে ভর্তি হননি এমন রোগীরা হিসাবের বাইরে আছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৫২ হাজার ১৬১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৯ হাজার ১৭১ জন।
এবছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
ইউডি/কেএস

