কাতার বিশ্বকাপ: উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে
উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:৩০
ইতিহাসের প্রথম শীতকালীন বিশ্বকাপকে সামনে রেখে সবার চোখ এখন কাতারে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ৬০ হাজার দর্শক ধারণক্ষমতার আল বায়াত স্টেডিয়ামের দিকেই যে তাকিয়ে এখন গোটা বিশ্ব সে কথা বলার অপেক্ষা রাখে না। ব্যয়বহুল এবারের এই আসরের শুরুটা কেমন হবে তা নিয়ে আগ্রহেরও কমতি নেই।
মূলত উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-কালচার তুলে ধরা হয়। এরপর থাকে খ্যাতিমান কিংবা বিশ্বখ্যাত সংগীত শিল্পীদের পারফরম্যান্স। থাকে বিশ্বকাপের থিম সং পরিবেশন। আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদন থেকে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে এবারের বিশ্বকাপের থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন আমেরিকার শিল্পী লিল ববি। আর থিম সং-এর সঙ্গে নৃত্য করবেন মরোক্কোর নৃত্যশিল্পী মানাল ও রেহমা। তাদের সঙ্গে থাকবেন নোরা ফাতেহিও।
এছাড়া কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস-এরও সঙ্গীত পরিবেশনা থাকবে। ব্যান্ডটির সদস্য জুং কুক ‘ড্রিমার্স’ গানটি পরিবেশন করবেন বলে জানা গেছে। এছাড়া আমেরিকার মিউজিক্যাল গ্রুপ ‘ব্ল্যাক আইড পিস’ ও ইংলিশ গায়ক রবি উইলিয়ামসের পারফরম্যান্স করার কথা রয়েছে। গুঞ্জন শোনা গিয়েছিল কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী কিজ ড্যানিয়েলও পারফরম্যান্স করবেন। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
তবে স্থানীয় সঙ্গীত শিল্পী ও নৃত্যশিল্পীরা সুযোগ পেতে পারেন পারফরম্যান্স করার। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শন করা হবে টুর্নামেন্টের অফিসিয়াল মাসকট লা’ইব। এরপর আতশবাজির ঝলকানিতে শেষ হবে ৪৫ মিনিটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমে পড়বে কাতার ও ইকুয়েডরের প্লেয়াররা। এরপর কাতারের আটটি শহরে চলতে থাকবে ২৯ দিন ব্যাপী এই বিশ্বকাপ। যেখানে ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বিশ্বসেরা হওয়ার।
ইউডি/সুপ্ত

