সোমবার বাড়ছে বিদ্যুতের দাম
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের চাপে এবার বিদ্যুৎ এবং জ্বালানিখাতের ভর্তুকি কমাতে দাম বাড়ানো হচ্ছে।
উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:০১
পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ২১ নভেম্বর (সোমবার) বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে বিইআরসি দাম বৃদ্ধির ঘোষণা দেবে।
গত সপ্তাহে পিডিবির করা রিভিউ আবেদনের প্রেক্ষিতে বিইআরসি এ ঘোষণা দিতে যাচ্ছে।
সরকারের সংশ্লিষ্ট খাতের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের চাপে এবার বিদ্যুৎ এবং জ্বালানিখাতের ভর্তুকি কমাতে দাম বাড়ানো হচ্ছে।
আইএমএফ সাড়ে চার বিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি ছাড়ের যে শর্ত দিয়েছে, তার মধ্যে বিদ্যুৎ ও জ্বালানিখাতের ভর্তুকি কমানো অন্যতম।
সরকারের সবুজ সংকেতে এবার দাম বাড়ছে বিদ্যুতের ।
বিইআরসি সদস্য (বিদ্যুৎ) বজলুর রহমান গণমাধ্যমকে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুতের দামতো বাড়বে, কিন্তু পিডিবি যতটা চেয়েছে ততটা বাড়বে না।’
বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তাও দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। সরকারের সবুজ সংকেতে এবার দাম বাড়ছে।
তবে পাইকারি বিদ্যুতের দাম বাড়লেও এখনই খুচরা বিদ্যুতের দাম বাড়ছে না। বিতরণ কোম্পানিগুলো পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে খুচরা বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব দেবে।
এখনও আমরা প্রস্তাব তৈরি করিনি। তবে আগামীকালকের দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা প্রস্তাব দেব।
বিকাশ দেওয়ান
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এর ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ‘এখনও আমরা প্রস্তাব তৈরি করিনি। তবে আগামীকালকের দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা প্রস্তাব দেব।’
ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) একজন কর্মকর্তা জানান, তারাও প্রস্তাব তৈরি করেননি। পাইকারিতে দাম বৃদ্ধির ঘোষণার পর তারা প্রস্তাব তৈরি করবেন।
ইউডি/এআই

