সশস্ত্র বাহিনী দিবস: শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস: শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১১:১০

সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সোমবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

প্রথমে মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় তিন বাহিনীর বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর।

শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

এরপর শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে পৌঁছালে তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তাদের স্বাগত জানান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনী প্রধান শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন।

সোমবার ফজরের নামাজ শেষে দেশের সকল সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি শুরু হয়।

শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি শেষে তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্বাচিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন।

চারজন সেনা, দুইজন নৌ এবং দুইজন বিমান বাহিনী সদস্যদের ২০২১-২২ সালের শান্তিকালীন পদকে ভূষিত করবেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকালে তিনি ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। বরাবরের মতই সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading