এটিপি ট্রফি জয়: ফেদেরারের পাশে জোকোভিচ
উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১১:২৫
এটিপি ফাইনালসের ট্রফি জয় করলেন নোভাক জোকোভিচ। সেই সঙ্গে বসলেন মৌসুম শেষের টুনামেন্টে এতদিনের রেকর্ড চ্যাম্পিয়ন রজার ফেদেরারের পাশে।তুরিনে ফাইনালে দাপুটে পারফরম্যান্সে শেষটাও দুর্দান্ত করেন জোকোভিচ। পুরো ম্যাচে মোট ৯টি ‘এইচ’ মারা সার্ব তারকা ওই এইচ শটেই শিরোপা নিশ্চিত করেন। নরওয়ের রুডকে তিনি হারান ৭-৫, ৬-৩ গেমে।
২০১৫ সালের পর এই প্রথম প্রতিযোগিতাটির চ্যাম্পিয়ন হলেন জোকোভিচ। ফেদেরারের মতো তারও এখন এর শিরোপা মোট ৬টি। কষ্টার্জিত জয়ের পর ম্যাচ শেষে এক টিভি সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, দীর্ঘ অপেক্ষার শেষ হলো। পুরো ম্যাচেই আমাকে পূর্ণ মনোযোগ ধরে রাখতে হয়েছে, প্রতিটি সিঙ্গেল পয়েন্টের জন্য লড়তে হয়েছে। কারণ মোমেন্টাম যেকোনো মুহূর্তে অন্যদিকে চলে যেতে পারত। আমি এই জয়ের জন্য সাত বছর অপেক্ষা করেছি, যা এই সাফল্যকে আরও মধুর করে তুলেছে।
২০২২ সালে বছর জুড়ে কোর্টে দারুণ সময় কাটানো ২৩ বছর বয়সী রুড শুরুতে সমানে-সমান লড়াই করেন। কিন্তু প্রথম সেটের শেষ দিকে গুরুতর দুটি ভুল করে বসেন। তাতেই এগিয়ে যান পুরুষ এককে দ্বিতীয় সর্বোচ্চ ২১ গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ। এরপর আর তাকে আটকাতে পারেননি রুড।
অসাধারণ এই জয়ে কেবল রেকর্ড শিরোপাই জেতেননি জোকোভিচ, অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় টেনিসের ইতিহাসে সবচেয়ে বেশি ৪৭ লাখ ৪০ হাজার ৩০০ ডলার প্রাইজমানিও জিতেছেন তিনি।
ইউডি/সুপ্ত

