কাতার বিশ্বকাপ: আলো কেড়ে নেয়া কে এই মুফতাহ
উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:১০
দ্য গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবে পরিচিত ফিফা বিশ্বকাপের এই আসরের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে সবার নজর কেড়েছেন ঘানেম আল-মুফতাহ। হলিউড অভিনেতা ৮০ বছরের মর্গান ফ্রিম্যানের সঙ্গে দুই হাতে ভর দিয়ে মঞ্চে আসেন মুফতাহ। কিছুক্ষণ সঞ্চালকের দায়িত্বও পান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ঘানেমের কথায় ঐক্য আর বৈচিত্রের প্রতি সহনশীলতার বার্তা উঠে আসে। ঘানেম কাতার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার।
মঞ্চে প্রথমে দেখা যায় কাতারের শাসক শেখ তামিম বিন হামাদ আল থানিকে। তারপর ঐক্যের বার্তা শোনাতে শোনাতে হাজির হন অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। তার সঙ্গে মঞ্চে আসেন বিশেষভাবে সক্ষম ২০ বছরের ঘানেম।
ঘানেমের জন্ম থেকেই পাসহ শরীরের নিচের অংশের মেরুদণ্ড নেই। শরীরের নিম্নাংশ নেই ২০ বছর বয়সী এই তরুণের। বিরল এক রোগ (কডাল রিগ্রেশন সিনড্রোম) নিয়ে এই অবস্থায় জন্মগ্রহণ করেন তিনি।
গর্ভাবস্থায় তার এ শারীরিক ত্রুটি ধরা পড়ে। তখন অনেকেই তার মাকে গর্ভপাত করার পরামর্শ দেন। কিন্তু তিনি রাজি হননি। এ অবস্থায়ই তিনি সন্তানকে লালন-পালনের সিদ্ধান্ত নেন। স্বামীকে বলেন, সন্তানের নিম্নাংশ নেই তো কী হয়েছে, আমিই হবো তার বাম পা, তুমি হবে ডান পা।
২০০২ সালের ৫ মে জন্মগ্রহণ করেন তিনি। এরপর নানা প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে আর বাবা-মায়ের সাপোর্টে তিনি এখন নিজের পরিচয়ে পরিচিত। একাধারে ইউটিউবার, মোটিভেশনাল স্পিকার, কাতার বিশ্বকাপের অ্যাম্বাসেডর। শুধু তাই নয়, শরীরের অর্ধাংশ না থাকার পরও স্কুবা ড্রাইভিং, স্কেট কোর্ডিং ও পবর্তারোহণে দক্ষ এই তরুণ।

শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত হয়ে পড়েন। স্কুলে থাকতেই হাতে ফুটবলারের বুট লাগিয়ে খেলতেন সহপাঠীদের সঙ্গে। তার সমবয়সীদের সঙ্গে সমান তালে দৌড়ে ফুটবল খেলতে পছন্দ করতেন।এই ব্যতিক্রমী ক্রীড়াবিদ উপসাগরীয় অঞ্চলে সর্বোচ্চ পবর্তশৃঙ্গ জাবেল সামশও জয় করেন।
রাষ্ট্রবিজ্ঞানে উচ্চশিক্ষা নিয়ে দেশের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন তার শৈশব থেকেই। খেলাধুলার পাশাপাশি সেই লক্ষ অর্জনে এগিয়ে যাচ্ছেন তিনি।
ব্রিটেনের লৌবরো ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষার্থী বলেন, বিশ্বে ঐক্য, শান্তি, সাম্য আর সহযোগিতার বাণী আমি ছড়িয়ে দিতে চাই। সব বাধা টপকে বিশ্বে কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন এই ইউটিউবার। তার আইসক্রিমের ব্যবসাও রয়েছে।
ইউডি/সুপ্ত

