যেকোনো সময় রাশিয়ার আগ্নেয়গিরিতে বিস্ফোরণ
উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৪০
রাশিয়ার আগ্নেয়গিরিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় শিবেলুচ আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরিতে যেকোনো সময়ে ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
ইতোমধ্যেই এ নিয়ে সতর্ক করা হয়েছে স্থানীয় প্রশাসনকে। এর বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে ১০ মাইল দূর অবধি এটি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। সেই কারণে মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।
শিবেলুচ আগ্নেয়গিরি রাশিয়ার শুধু সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিই নয়, এটি রাশিয়ার বৃহত্তম আগ্নেয়গিরিগুলোর একটি। শনিবার এই আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই ১৩ হাজার ফুট উচ্চতা পর্যন্ত দেখা গিয়েছে। এই আগ্নেয়গিরির লাভা গম্বুজ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

আশঙ্কা করা হচ্ছে, অগ্নুৎপাত হলে তার বিস্ফোরণ ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত উপরে উঠতে পারে, যা ওই এলাকায় বিমান চলাচলেও বিঘ্ণ ঘটাবে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছে, লাভা গম্বুজ খুব গরম হয়ে উঠেছে এবং রাতে জ্বলজ্বল করছে। বিজ্ঞানীরা বলছেন, এর তাপমাত্রা প্রায় ১০০০ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত বিস্ফোরণের আগে আগ্নেয়গিরিতে এই অবস্থা লক্ষ্য করা যায়।

এর আগে শিবেলুচ আগ্নেয়গিরিতে সবচেয়ে শক্তিশালী অগ্ন্যুৎপাত হয়েছিল ২০০৯ সালে। এর চূড়ার উচ্চতা ৩,২৮৩ মিটার। বিজ্ঞানীদের ধারণা, এই আগ্নেয়গিরি থেকে গত ১০ হাজার বছরে আনুমানিক ৬০টি বড় অগ্ন্যুৎপাত হয়েছে।
ইউডি/আতা

