ইসির মামলায় ডা. সাবরিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল পেছাল
তিনি প্রথমে ভোটার হন সাবরীনা শারমিন হোসেন নামে। এতে জন্ম তারিখ দেওয়া ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে জন্ম তারিখ ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর এইচ হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী।
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:৫৯
প্রতারণার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় ডা. সাবরিনা শারমিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত এ দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বাড্ডা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রনপ কুমার ভক্ত বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
এদিন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
২০২০ সালের ৩০ আগস্ট সাবরিনার বিরুদ্ধে মামলাটি করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। এ মামলায় ওই বছরের ৩ সেপ্টেম্বর আদালত ডা. সাবরিনার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তিনি এ মামলায় জামিন পান। তবে আরেকটি মামলা থাকায় তাকে কারাগারে থাকতে হয়।
মামলায় অভিযোগ করা হয়, বর্তমানে সাবরিনার দুটি এনআইডি কার্ড সক্রিয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য চায়। সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন।
তিনি প্রথমে ভোটার হন সাবরীনা শারমিন হোসেন নামে। এতে জন্ম তারিখ দেওয়া ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে জন্ম তারিখ ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর এইচ হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী।
ইউডি/এআই

