উন্নয়ন প্রকল্পের কাজ: ২৪-২৭ নভেম্বর এয়ারপোর্ট রোড এড়িয়ে চলার নির্দেশনা
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ নভেম্বর ২০২২ । আপডেট ১২:২৫
আগামীকাল ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্য ৬টা থেকে ২৭ নভেম্বর (রবিবার) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর এয়ারপোর্ট সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে বিআরটি প্রকল্প কর্তৃপক্ষ। এ বিষয়ে বিআরটি প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহের সই করা একটি বিজ্ঞাপন বুধবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিআরটি প্রকল্পের আওতাভুক্ত ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় আগামী ২৪ নভেম্বর সন্ধ্য ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় সড়ক উন্নয়নের কাজ চলমান থাকবে। এর ফলে ওই সড়কে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় উক্ত করিডোরে চলাচলরত সকল জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে।
বিআরটি প্রকল্পের তথ্য অনুযায়ী, বিআরটি প্রকল্পের দৈর্ঘ্য ২০ দশমিক ৫ কিলোমিটার। প্রকল্পের মধ্যে আছে আবদুল্লাহপুর থেকে টঙ্গীর চেরাগআলী পর্যন্ত ৪ দশমিক ৫ কিলোমিটার উড়াল সড়ক ও ৬টি উড়ালসেতু। এ ছাড়া, সড়কের প্রধান করিডোরের সঙ্গে সংযোগের জন্য বিভিন্ন অংশে ১১৩টি সংযোগ সড়ক, ২৫টি বিআরটি স্টেশন, ঢাকা বিমানবন্দর ও গাজীপুরের শিববাড়ি এলাকায় দুটি বাস টার্মিনাল থাকছে প্রকল্পে।
ইউডি/সুপ্ত

