মাঙ্কিপক্সের নাম পরিবর্তন হচ্ছে
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ নভেম্বর ২০২২ । আপডেট ১২:১০
চলতি বছরে উত্তর আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বেশ কয়েকটি অঞ্চলের বহু দেশে মাঙ্কিপক্সের রোগী শনাক্ত হতে থাকে। করোনাভাইরাস মহামারির আতঙ্ক পুরোপুরি না কাটতেই মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে তাই বিশ্বজুড়ে তৈরি হয়েছিল উদ্বেগ। তবে বর্তমানে এর সংক্রমণ অনেকটা কমতির দিকে এবং এই পরিস্থিতিতে এই ভাইরাসের নাম পরিবর্তনের পরিকল্পনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুর দিকে আমেরিকায় পা রাখা মাঙ্কিপক্সের নাম পরিবর্তন করার পরিকল্পনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি এই ভাইরাসের নতুন নামও মনোনীত করেছে ডব্লিউএইচও। আর তা হচ্ছে- ‘এমপিওএক্স’ বা এমপক্স (MPOX)।
জানা যায়, মূলত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্রমবর্ধমান চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ডব্লিউএইচও। মাঙ্কিপক্সের নাম পরিবর্তনের জন্য ব্যক্তিগতভাবে ডব্লিউএইচও’র নেতাদের অনুরোধ করেছিলেন বাইডেনের ওই কর্মকর্তারা। মাঙ্কিপক্স ভাইরাসজনিত অসুখ। স্মলপক্স ভাইরাস শ্রেণির একটি ভাইরাস এ রোগের জন্য দায়ী। ভাইরাসটির দু’টি রূপান্তরিত ধরন রয়েছে— মধ্য আফ্রিকান ও পশ্চিম আফ্রিকান।
ইউডি/সুপ্ত

