আর্জেন্টিনাকে হারানোর আনন্দে সেজদায় সৌদি যুবরাজ
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:০৫
কাতারে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের আনন্দে ভাসছে গোটা সৌদি আরব।
মঙ্গলবার (২২ নভেম্বর) ফিফা র্যাংকিংয়ে তিন নম্বরে থাকা আর্জেন্টিনাকে ৫১তম অবস্থানে থাকা সৌদি আরব ২-১ গোলে পরাজিত করেছে।
এই আনন্দ উদযাপনে বুধবার দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শে জাতীয় দলের বিজয় উদযাপন উপলক্ষে সাধারণ ছুটির অনুমোদন দেন বাদশাহ সালমান।
সৌদি আরবের এই জয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে উদযাপন করতেও দেখা গেছে। জয় উদযাপনের নানান মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তার ভাই প্রিন্স সৌদ। মুহূর্তেই সেই সব ছবি ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যায়, সৌদি আরবের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মোহাম্মদ বিন সালমান পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ম্যাচটি দেখেছেন।
একটি ছবিতে দেখা যায়, ম্যাচ দেখার সময় মোহাম্মদ বিন সালমানসহ অন্যরা আনন্দে পরস্পরকে আলিঙ্গন করছেন।
আরেকটি ছবিতে দেখা যায়, মোহাম্মদ বিন সালমান সেজদা দিচ্ছেন। সৌদির জয়ের পর তিনি সেজদা দেন বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে আরও একজনকে সেজদা দিতে দেখা যায়। এ সময় কক্ষে থাকা অন্যদের টিভির পর্দার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।
মোহাম্মদ বিন সালমানের সঙ্গে খেলা দেখেছেন তার ভাই প্রিন্স আবদুল আজিজ। তিনি সৌদির জ্বালানিমন্ত্রীর দায়িত্বে আছেন। মোহাম্মদ বিন সালমান ও আবদুল আজিজকে হাসিমুখে ছবি তুলতে দেখা গেছে। এ সময় আবদুল আজিজের কাঁধে ছিল মোহাম্মদ বিন সালমানের হাত। আবদুল আজিজের এক হাতে ছিল সৌদির জাতীয় পতাকা।
আরেক ভাই প্রিন্স সৌদের সঙ্গেও হাসিমুখে ছবি তুলেছেন মোহাম্মদ বিন সালমান।
ইউডি/কেএস

