মানবজটে বসবাসের যোগ্যতা হারাচ্ছে ঢাকা

মানবজটে বসবাসের যোগ্যতা হারাচ্ছে ঢাকা

কবিরুল আলম । সোমবার , ২৮ নভেম্বর ২০২২ । আপডেট ০৮:৫০

ঢাকা শহরের যানজট ও নানাবিধ নাগরিক বিড়ম্বনা ও দুর্ভোগের অন্যতম কারণ হচ্ছে মানবজট। দেশের প্রতিটি প্রান্ত থেকে প্রতিদিনই হাজার হাজার মানুষ ঢাকায় এসে ভীড় করছে। নদীভাঙ্গনসহ নানা কারণে গৃহহীন ও কর্মহীন মানুষ যেমন আশ্রয় ও কর্মসংস্থানের জন্য ঢাকায় আসছে, আবার স্থানীয় সুযোগ-সুবিধার অভাব ও সবকিছু ঢাকায় কেন্দ্রীভূত হওয়ার কারণে স্বচ্ছল ও নব্যধনী পরিবারগুলোও ঢাকামুখী হয়ে থাকে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা মেগাসিটি ঢাকা ধারণক্ষমতার কয়েকগুণ বেশী জনসংখ্যার চাপে এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

গত এক দশকে ঢাকার বাসযোগ্যতা নিয়ে আন্তর্জাতিকভাবে নেতিবাচক ধারণা ভিত্তি লাভ করেছে। বিশ্বের বসবাসযোগ্য শহরগুলোর র‌্যাংকিং নিয়ে লন্ডনভিত্তিক গণমাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক প্রতিবেদনে ঢাকার অবস্থান বরাবরই নিচের দিকের ১০টি শহরের মধ্যে থাকছে। চলতি ২০২২ সালের প্রতিবেদনে বিশ্বের ১৭৩ টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৬৬তম। অর্থাৎ ঢাকা হচ্ছে বিশ্বের বসবাসের অযোগ্য শহরগুলোর মধ্যে ৭ম।

একদিনে বা হঠাৎ করেই ঢাকা নগরীর এই বিপর্যয় ঘটেনি। পর্যাপ্ত রাস্তা ও নাগরিক সুযোগ-সুবিধার প্রতি লক্ষ্য না রেখে বছরের পর বছর ধরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠার কারণেই ঢাকা আজকের বেহাল দশায় উপনীত হয়েছে। সর্বশেষ জনশুমারী অনুসারে ঢাকার দুই সিটি কর্পোরেশনের লোকসংখ্যা এককোটি ২ লাখের কিছু বেশি বলে পরিসংখ্যান পাওয়া গেলেও আদতে ঢাকার জনসংখ্যা এই সংখ্যার অনেক বেশি। জাতিসংঘের প্রতিবেদনে ঢাকাকে বিশ্বের ১১তম জনবহুল সিটি হিসেবে উঠে এসেছে। গ্লোবাল সিটিজ ইনস্টিটিউটের সমীক্ষায় ২০৫০ সাল নাগাদ ঢাকার জনসংখ্যা ৩ কোটি ৫২ লাখে দাঁড়াবে বলে উল্লেখ করা হয়েছে। তবে স্থায়ী-অস্থায়ী ও ভাসমান জনসংখ্যার হিসাব এবং বর্তমানের ক্রমবর্ধমান হার বিবেচনা করলে ২০৫০ সাল নাগাদ ঢাকার জনসংখ্যা আরো অনেক বেশিই হবে। ততদিনে ঢাকা তার বাসযোগ্যতা ধরে রাখতে পারবে কিনা সন্দেহ ক্রমেই ঘনীভূত হচ্ছে আমরা ধরে নিতে পারি।

অস্বীকার করার উপায় নেই পঞ্চাশের দশকের প্রাদেশিক সরকারের রাজধানী ঢাকাকে ভবিষ্যতের কোটি মানুষের মেগা সিটি হিসেবে সঠিক পরিকল্পনার আওতায় গড়ে তোলা হয়নি। আমরা এখন একটি অপরিকল্পিত অতিজনবহুল নগরীর বাসযোগ্যতা, বাস্তুনিরাপত্তাসহ ইকোলজিক্যাল বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছি। এ থেকে ঢাকা নগরীকে বাঁচাতে হলে ঢাকার অর্থনৈতিক ও প্রশাসনিক ডিসেন্ট্রালাইজেশন নিশ্চিত করতে হবে। অবিলম্বে ঢাকার ভেতরে ও চারপাশ থেকে কলকারখানা সরিয়ে নিতে হবে। দেশের বিভাগীয় ও জেলাশহরগুলোর নাগরিক সুযোগ সুবিধাসহ স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধির বহুমুখী উদ্যোগ ছাড়া ঢাকামুখী জনস্রোত কমিয়ে আনা সম্ভব নয়। রাজধানী শহরকে বসবাসের অযোগ্য, দূষিত, বিড়ম্বনা-দুর্ভোগের মধ্যে রেখে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির সোপানে নিয়ে যাওয়া সম্ভব নয়।

লেখক: সিনিয়র সাংবাদিক।

ইউডি/আতা/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading