অ্যাপ স্টোর থেকে টুইটারকে ব্লক করতে চায় অ্যাপল

অ্যাপ স্টোর থেকে টুইটারকে ব্লক করতে চায় অ্যাপল

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ । আপডেট ১১:২৫

আইফোনের উদ্ভাবক ও প্রস্তুতকারী কোম্পানি অ্যাপল তার অ্যাপ স্টোর থেকে সোশ্যাল মিডিয়ার জায়ান্ট প্লাটফর্ম টুইটারকে ব্লক করার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন সংস্থাটির নতুন মালিক ইলন মাস্ক। সোমবার (২৮ নভেম্বর) একাধিক টুইটে তিনি এই অভিযোগ করেন।

অবশ্য অ্যাপল তার অ্যাপ স্টোর থেকে টুইটারকে ব্লক করার হুমকি কেন দিয়েছে সেটি খোলসা করেননি মার্কিন এই ধনকুবের। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আইফোনের উদ্ভাবক ও প্রস্তুতকারী সংস্থা অ্যাপল তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিজ্ঞাপন বন্ধ করেছে বলে সোমবার সিরিজ টুইটে অভিযোগ করেছেন মাস্ক। এছাড়া টুইটার ও টেসলার বিলিয়নিয়ার এই সিইও আরও বলেছেন, বিষয়বস্তু বা কন্টেন্ট নিয়ন্ত্রণের দাবিতে টুইটারকে চাপ দিচ্ছে অ্যাপল।

এদিকে ইলন মাস্কের এই অভিযোগ এখনও নিশ্চিত করেনি অ্যাপল। তবে আইফোন নির্মাতা এই সংস্থাটির এ ধরনের কোনও পদক্ষেপ অস্বাভাবিক হবে না কারণ সংস্থাটি নিয়মিতভাবে তার নিয়ম ও নীতিগুলো প্রয়োগ করে থাকে এবং এর আগে গ্যাব ও পার্লারের মতো অ্যাপগুলোও অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্রে রক্ষণশীলদের কাছে বেশ জনপ্রিয় পার্লার। এই অ্যাপটিকে অ্যাপল সরিয়ে দেওয়ার পর ২০২১ সালে তা আবারও ফিরিয়ে আনে আইফোন নির্মাতা এই সংস্থাটি। তবে এর আগে অ্যাপলের চাহিদা অনুযায়ী অ্যাপটিকে তার বিষয়বস্তুসহ মর্ডারেশন প্রাক্টিসেসকে আপডেট করতে হয়েছিল।

মাসখানেক আগে রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কিনে নেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। আর এরপর অল্প সময়ের মধ্যেই নানা বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার এক টুইট বার্তায় তিনি বলেছেন, ‘টুইটারে বেশিরভাগ বিজ্ঞাপনই বন্ধ করে দিয়েছে অ্যাপল। তারা কি আমেরিকার বাকস্বাধীনতা ঘৃণা করে?’

পরে তিনি অন্য একটি টুইটে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের টুইটার অ্যাকাউন্টকে ট্যাগ করে জিজ্ঞেস করেন, ‘এখানে কী হচ্ছে?’

অ্যাপল তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য কোনও মন্তব্য করেনি।

বিজ্ঞাপন পরিমাপ সংস্থা পাথমেটিকস এর তথ্য অনুসারে, বিশ্বের সবচেয়ে মূল্যবান সংস্থা অ্যাপল চলতি মাসের ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত টুইটার বিজ্ঞাপনে আনুমানিক ১ লাখ ৩১ হাজার ৬০০ মার্কিন ডলার খরচ করেছে।

অন্যদিকে মাস্কের টুইটার কেনার আগে সংস্থাটি গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবরের মধ্যে বিজ্ঞাপন বাবদ খরচ করেছিল ২ লাখ ২০ হাজার ৮০০ মার্কিন ডলার। অর্থাৎ মাস্কের অধীনে টুইটার যাওয়ার পর বিজ্ঞাপন ব্যয় অনেকটাই কমিয়ে দিয়েছে আইফোন নির্মাতা এই সংস্থাটি।

টুইটারের অভ্যন্তরীণ নথির উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালের প্রথম তিন মাসে টুইটারে শীর্ষ বিজ্ঞাপনদাতা ছিল অ্যাপল। ওই সময়টাতে টুইটারে বিজ্ঞাপন বাবদ ৪৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে সংস্থাটি, যা চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে টুইটারের মোট আয়ের ৪ শতাংশেরও বেশি।

অবশ্য মাস্কের এসব অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানার জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি টুইটার।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading