জঙ্গি ছিনতাই : হাজতখানার ডিউটি বণ্টনকারী কনস্টেবল বরখাস্ত
উত্তরদক্ষিণ । বুধবার, ৩০ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:৫৮
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ কনস্টেবল মাহামুদ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে ঘটনায় আট পুলিশ সদস্যকে বরখাস্ত করা হলো।
বুধবার (৩০ নভেম্বর) ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আসামি ছিনতাইয়ের ঘটনায় ঢাকার সিএমএম কোর্ট হাজতখানার ডিউটি বণ্টন করা পুলিশ কনস্টেবল মাহামুদ আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’
বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- সিএমএম আদালতের হাজতখানার আদালত পরিদর্শক মতিউর রহমান, হাজতখানার ইনচার্জ (এসআই) নাহিদুর রহমান ভুইয়া, এটিএসআই মহিউদ্দিন, কনস্টেবল শরিফ হাসান, জয়নাল, আব্দুস সাত্তার ও নুরে আজাদ।
এর আগে গত ২০ নভেম্বর দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।
এ ঘটনায় কোতোয়ালি থানায় কোর্ট পরিদর্শক জুলহাস বাদী হয়ে ২০ জনের নামে একটি মামলা করেন। মামলায় অজ্ঞা আসামি করা হয় আরও ৭-৮ জনকে।
ইউডি/এআই

