সারা দেশে পুলিশের বিশেষ অভিযান
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৫২
বিজয় দিবস, বড়দিন ও থার্টিফাস্ট নাইটকে কেন্দ্র করে সারা দেশে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও সব জেলার পুলিশ সুপারদের এ অভিযান চালানোর জন্য বলা হয়েছে। গত ২৯ নভেম্বর পুলিশ সদর দপ্তরের পাঠানো এক আদেশে এ তথ্য জানা গেছে।
আদেশ অনুযায়ী, গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ‘ছিনিয়ে’ নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন ও থার্টিফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি ১ থেকে ১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও বলা হয়, অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপারাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। পরিচালিত অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেপ্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মঞ্জুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘এটি মূলত রুটিন ওয়ার্ক। তবে এ মাসের মধ্যে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ২৫ ডিসেম্বর বড়দিনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ দিবস রয়েছে। তাই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে কারণে এ নির্দেশ দেওয়া হয়েছে।’
কোনো হুমকি রয়েছে কি না জানতে চাইলে মঞ্জুর রহমান বলেন, ‘তেমন কোনো সুনির্দিষ্ট হুমকির তথ্য নেই। তবে গোয়েন্দা রিপোর্টে কিছু থাকতে পারে কি না, তা আমার জানা নেই।’
ইউডি/এআই

