ঋণ আদায়ে চেক প্রতারণার মামলায় নিষেধাজ্ঞা স্থগিত
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:১৮
ঋণ আদায়ে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চেক প্রত্যাখানের মামলা করতে পারবে না বলে যে রায় হাই কোর্ট দিয়েছিলেন, তা স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারকের বেঞ্চ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এ আদেশ দেন। হাই কোর্টের রায় দুই মাসের জন্য স্থগিত করার পাশাপাশি আসামির জামিন বহাল রাখা হয়েছে ওই আদেশে।
ঋণ আদায়ে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চেক প্রত্যাখ্যানের মামলা করতে পারবে না বলে গত ২৩ নভেম্বর রায় দিয়েছিল হাই কোর্ট।
সেখানে বলা হয়, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কেবল ২০০৩ সালের অর্থঋণ আইনের বিধান অনুযায়ী অর্থঋণ আদালতে মামলা করতে পারবে।
চেক প্রত্যাখানের অভিযোগে ব্র্যাক ব্যাংকের করা এক মামলায় ব্রাহ্মণবাড়িয়ার ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ আলীর দণ্ড বাতিল করে সেদিন এ রায় দিয়েছিল বিচারপতি আশরাফুল কামালের একক হাই কোর্ট বেঞ্চ।
বৃহস্পতিবার মোহাম্মদ আলীর আইনজীবী আব্দুল্লা আল বাকী বলেন, ‘আপিল বিভাগ হাই কোর্টের রায় দুই মাসের জন্য স্থগিত করে দিয়েছে। পাশাপাশি আসামির জামিন বহাল রেখেছেন।’
আদালতে ব্র্যাক ব্যাংকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।
ইউডি/এআই

