শিক্ষামন্ত্রীর আশ্বাস, ‘কলেজে সবাই সিট পাবে’

শিক্ষামন্ত্রীর আশ্বাস, ‘কলেজে সবাই সিট পাবে’

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:১১

সাত লাখ আসন বেশি থাকায় একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষার প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী।

দীপু মনি বলেন, ‘এ বছর যে পরিমাণ শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়েছে, তার চেয়ে প্রায় সাত লাখ বেশি আসন এইচএসসির জন্য রয়েছে। এইচএসসির ভর্তি পরীক্ষা সুনির্দিষ্ট নিয়মে বরাবরের মতো অনুষ্ঠিত হবে।

‘তাই যেসব শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়েছে তাদের ভর্তি পরীক্ষার প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। সকলেই সিট পাবে।’

শিক্ষার্থীদের ভালো ফলাফলে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশের বেশ কিছু প্রতিষ্ঠান আছে, যেগুলো এদেশের একেবারে সেরা মেধাবীদেরকে ছেঁকে নিয়ে তাদের প্রতিষ্ঠানে ভর্তি করে। মেধাবী শিক্ষার্থীগুলো যখন সবাই এক জায়গায় যায় তখন তাদের প্রচেষ্টায়, বাবা-মায়ের প্রচেষ্টায় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রচেষ্টায় আরও ভালো ফলাফল করে।’

‘সেক্ষেত্রে প্রতিষ্ঠানের খুব মহত্ত্ব রয়েছে বলে আমি মনে করি না’, যোগ করেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কোন প্রতিষ্ঠানে ভর্তি হলাম তার চাইতে বেশি শিক্ষার্থীরা পড়াশুনা ঠিকমতো করলো কি না, খারাপ পথে বা ভুল পথে চলে না যায় বাবা-মা সেটা অন্তত যাতে ঠিকভাবে নজর রাখেন। আমরা সবাই যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে তারা তাদের ভবিষ্যত গড়তে পারবে।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading