নেতানিয়াহুকে সতর্ক করলেন অ্যান্টনি ব্লিঙ্কেন

নেতানিয়াহুকে সতর্ক করলেন অ্যান্টনি ব্লিঙ্কেন
ফাইল ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৩৯

অধিকৃত পশ্চিম তীর সংযুক্ত করা নিয়ে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কঠোর ভাষায় সতর্ক করে রেখেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। নেতানিয়াহু ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় বসলে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনার বিষয়ে বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ফিলিস্তিনিরা আশঙ্কা করছে, নেতানিয়াহুর অধীনে দখলকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে আরও বসতি গড়ে উঠবে। ২০২১ সাল পর্যন্ত টানা ১২ বছর প্রধানমন্ত্রী থাকাকালীন ইহুদিদের জন্য রেকর্ড অবৈধ বসতি গড়ে তুলেছিলেন নেতানিয়াহু। এভাবে বসতি স্থাপন আন্তর্জাতিক আইন অনুযায়ী বেআইনি। ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

এ প্রসঙ্গে রোববার জে স্ট্রিটের সঙ্গে কথা বলার সময় ব্লিঙ্কেন বলেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য নিরলসভাবে কাজ করবে। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ন করে এমন যেকোন কাজের দ্ব্যর্থহীনভাবে বিরোধিতা করবো। যার মধ্যে রয়েছে সম্প্রসারণ, পশ্চিম তীরের সংযুক্তির দিকে অগ্রসর হওয়া ও সহিংসতা।

ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে।

পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের দখলদারিত্বকে স্বীকৃতি দেয় না।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading