সাম্প্রদায়িকতার ঠিকানা বিএনপি: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৫৬
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে সামনে রেখে আজ থেকেই পাড়া, মহল্লায়, ওয়ার্ড, ইউনিয়ন, জেলা-উপজেলায় সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।’
মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মানুষকে বাঁচাতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে। তাদের বিশ্বাস নেই। প্রধানমন্ত্রীর ঢাকা-সিলেট মহাসড়কের ভিত্তি প্রস্তুর পুড়িয়ে দিয়েছে। এরা (বিএনপি) সাম্প্রদায়িকতার ঠিকানা। এরা বাংলাদেশ নালিশ পার্টি (বিএনপি)।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ডাকে মহাসমাবেশ, হয় সমাবেশ। আওয়ামী লীগ ডাকে সমাবেশ, হয় মহাসমাবেশ। ১০ ডিসেম্বর তারা সমাবেশ করবে। গত ১৩ বছরে তারা ১৩ দিনও রাস্তায় দাঁড়াতে পারেনি।
‘মির্জা ফখরুল সাহেব জানি আপনার অন্তরে কেন এত জ্বালা। জালারে জ্বালা বুকে বড় জ্বালা। অন্তরে বড় জ্বালা। পদ্মা সেতু নাকি জোড়াতালি দিয়ে করেছে। সেখান দিয়ে এখন হাজার হাজার গাড়ি চলছে। মেট্রোরেল উদ্বোধন হবে। চট্টগ্রামে কর্ণফুলী টানেল। শেখ হাসিনা একদিনে ১০০ সেতু উদ্বোধন করেছেন।’
তিনি বলেন, ‘খেলা হবে। হবে খেলা। ডিসেম্বরে খেলা হবে। নির্বাচনে হবে। আন্দোলনে খেলা হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। লাঠির বিরুদ্ধে খেলা হবে। ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে। ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে।’
১৯৭৫ এর ১৫ আগস্টের কথা স্মরণ করে তিনি বলেন, ‘জবাব দিতে হবে। খুনিদের কারা পুরস্কৃত করল। বিদেশে যাওয়ার অনুমতি দিল। বিদেশে চাকরি দিল কে, জিয়াউর রহমান। এই খুনিদের বিচার হবে না এই মর্মে ইনডেমনিটি জারি করল। কে করল, সেনাপতি জিয়াউর রহমান। একুশে আগস্ট গ্রেনেড হামলা কি করলো তার পুত্র তারেক রহমান।’
তিনি বলেন, ‘শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ আবারো ঘুরে দাঁড়াবে। দেশের রপ্তানি আবারো বাড়ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, এ প্রভাব পড়েছে সারাবিশ্বে।’
ছাত্রলীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার খুব খারাপ লাগে ছাত্রলীগের কর্মীরা যখন মেসেজ দিয়ে ফোন করে। দেখা হলে বলি ভাল ভাবে ছাত্রলীগ করো, তখন তারা বড় গলায় বলে আমিও অমুক ভাইকে মেইনটেইন করি। ভাইকে মেনটেইন করতে হবে কেন? কিসের মেনটেইন টেনটেইন। মেনটেইন করবে বঙ্গবন্ধু আদর্শ। শেখ হাসিনার আদর্শ ও সাহসিকতা। ডিসিপ্লিন মেনটেইন করবে।’
আর মেনটেইন যেন শুনতে না হয় উল্লেখ করে ওবায়দুল কাদের, আগামী দিনে ছাত্রলীগের সুনাম ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
ইউডি/এ

