রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমরাই থাকবো: শেখ পরশ
উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৪৫
বিএনপির উদ্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ‘আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা দিয়েছে। আজকের আওয়ামী লীগ সরকার এদেশে অর্থনৈতিক মুক্তি দিয়েছে। আমরা উন্নয়নের শিখরে চলে গেছি এবং আমরাই এই উন্নয়নের ধারা সমুন্নত ও অব্যাহত রাখবো যে কোনও মূল্যে। আমরা আমাদের কর্মের মাধ্যমে অধিকার অর্জন করেছি যে আমরাই এই রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে থাকবো, থাকা উচিত।’
বিএনপি-জায়ামাতের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে শনিবার (১০ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন শেষে এসব কথা বলেন তিনি।
বিএনপিকে ‘গণতন্ত্রের নামে সন্ত্রাসতন্ত্র বন্ধ’ করার আহ্বান জানিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, গণতন্ত্রের নামে অরাজনৈতিক কার্যক্রম বন্ধ করেন। গণতন্ত্রের নামে আপনারা এখন বিধ্বংসী আচরণ করেছেন। সন্ত্রাসী আচরণ করে প্রমাণ করেছেন যে আপনারা কোনও রাজনৈতিক দলই না। আবারও প্রমাণ করেছেন আপনারা একটা বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন।
তিনি বলেন, শেখ হাসিনা এখন যেটা বলেন সেটাই হয়। শেখ হাসিনা বিদেশি প্রভুদের রক্তচক্ষু উপেক্ষা করে বলেছিলেন পদ্মা সেতু হবে, হয়েছে। শেখ হাসিনার সঙ্গে পাল্লা দিয়ে আপনাদের ওই মাথা দিয়ে জঙ্গিবাদ ছাড়া আর কিছু বের হবে না। পক্ষান্তরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মাথা থেকে দেশের উন্নয়নমূলক রাজনীতি ছাড়া নেতিবাচক কিছু বের হবে না।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা।
ইউডি/এ

