ঘন কুয়াশার কারণে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৩
ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে ভিমলপুর মির্জা অটোমিলের সামনে ঘন কুয়াশার কারণে সংঘর্ষ ঘটে।
উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:৩০
দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস-পিকআপ সংঘর্ষে চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার (১১ ডিসেম্বর) ভোর ৫টায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভিমলপুর মির্জা অটো রাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকআপ চালক ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরার চর গ্রামের সেতাবুর রহমানের ছেলে পিকআপ চালকের সহকারী আজিজুর রহমান নিশান (২৪) এবং পিকাপের যাত্রী ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোত্তাসিম বিল্লাহ (২৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে টমেটো বহনকারী একটি ছোট পিকআপ দিনাজপুর থেকে চাঁপাইনাবাগঞ্জ যাচ্ছিল। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে ভিমলপুর মির্জা অটোমিলের সামনে ঘন কুয়াশার কারণে সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই ছোট পিকাআপের চালক, সহকারী ও এক যাত্রী নিহত হন। এ ঘটনায় পিকআটটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম তিনটি মরদেহ উদ্ধার করে। পরে থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানার আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হবে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ইউডি/এ

