বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দিল পুলিশ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দিল পুলিশ

উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:১৬

চার দিন পর রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দিয়েছে পুলিশ। রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে কার্যালয়ের গেট খুলে দেওয়া হয়।

এখন থেকে কার্যালয়ে দলীয় কার্যক্রম চালাতে প্রশাসনের পক্ষ থেকে আর কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

কার্যালয় খোলার পর একে একে ভেতরে প্রবেশ করেন বিএনপির সাংগঠনিক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী আবুল বাশার, মাহবুব প্রমুখ।

এর আগে রোববার বেলা ১১টার পর নয়াপল্টনের দুই পাশের রাস্তার ব্যারিকেড তুলে নেয় পুলিশ। এই সড়ক দিয়ে শুরু হয় যান চলাচল।

এদিকে দলীয় কার্যালয় খুলে দেওয়ার খবর পেয়ে সকাল থেকেই নয়াপল্টনে ভিড় জমান নেতাকর্মীরা।

এর আগে সকালে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম জানিয়েছেন, বিএনপির কর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসে আসতে পারবেন। পুলিশের পক্ষ থেকে কোনো বাধানিষেধ নেই। এ জন্য তাদের সহযোগিতা করা হবে।

গত বৃহস্পতিবার বিকেলে চলাচলের জন্য এ রাস্তা খুলে দেওয়া হলেও গত শুক্রবার সকালে নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল যাওয়ার রাস্তা এবং ফকিরাপুল থেকে নাইটিংগেল চলাচলের সড়ক বন্ধ করে দেওয়া হয়।

গত বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীর সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন রাত থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও নাইটিংগেল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading