ডলারে প্রথমবারের মতো স্বাক্ষর থাকছে দুই নারীর
উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:২৩
বৃহস্পতিবার নতুন ডলার অবমুক্ত করেছে আমেরিকা। প্রথমবারের মতো এতে থাকছে দুজন নারীর স্বাক্ষর। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এমনটা জানা যায়।
২০২৩ সালের শুরুতে বাজারে আসতে যাওয়া এসব ডলারে রয়েছে দেশটির অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন ও ট্রেজারার লিন মালের্বার স্বাক্ষর। আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো কোনো আদিবাসী হিসেবে আমেরিকান ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন মালের্বা।
চলতি মাসে নতুন এসব ডলার ফেডারেল রিজার্ভে সরবরাহ করা হবে। আগামী বছরের শুরুতে এসব বাজারে অবমুক্ত করা হবে। প্রথম দিকে এক ডলার ও পাঁচ ডলারের মুদ্রা বাজারে ছাড়া হবে বলে জানায় ইউএস ট্রেজারি বিভাগ।
ইয়েলেন বলেন, ‘এই প্রথমবারের মতো আমেরিকান ব্যাংক নোটে একজন নারী ট্রেজারি সেক্রেটারির স্বাক্ষর থাকবে এবং প্রথমবারের মতো আমাদের মুদ্রায় দুজন নারীর স্বাক্ষর থাকছে।’
‘বর্তমানে দেশটির ট্রেজারিতে নিযুক্ত কর্মীবাহিনীর ৬২ শতাংশই নারী। কিন্তু আরও অনেক কিছু করার বাকি। সাম্য ও অন্তর্ভুক্তির জন্য আমরা যে পথ অতিক্রম করেছি আজকের দিনটি তা স্মরণ করার৷ আমি আশা করব আমরা সবাই এই উদ্দীপনা নিয়ে সামনে এগিয়ে যাব’, বলেন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন।
ইউডি/এ

