বিশ্বের এক নম্বর ধনী ইলন মাস্ক বেকায়দায়

বিশ্বের এক নম্বর ধনী ইলন মাস্ক বেকায়দায়

উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৩০

বিশ্বের শীর্ষ ধনীর মুকুট হারানোর শঙ্কায় পড়েছেন ইলন মাস্ক। টুইটার কেনা থেকে পরিচালনা সবক্ষেত্রেই বাড়াবাড়ি করার কারণে ধরা খাচ্ছেন টেসলার সিইও। এ নিয়ে সাদিত কবিরের প্রতিবেদন

শেয়ারবাজারে টেসলা দরপতনের চাপে: ইলন মাস্কের ‘শীর্ষ ধনী’ স্বীকৃতি পাওয়ার পেছনে বড় ভ‚মিকা রেখেছিল তার কোম্পানি ‘টেসলা’। কিন্তু গত এপ্রিলে তিনি টুইটার কেনার প্রস্তাব দেয়ার পর থেকেই শেয়ার বাজারে সময় ভালো যাচ্ছে না টেসলার। নয় মাসে বিদ্যুৎচালিত এ গাড়ি নির্মাতার শেয়ারের দাম পড়েছে প্রায় অর্ধেক। টেসলার শেয়ার দরে এই পতনে মাস্কের নেট সম্পদের পরিমাণ কমেছে প্রায় ৭ হাজার কোটি ডলার। আন্তর্জাতিক বার্তা সংস্থা বলছে, চলতি বছরের ১৩ এপ্রিল শেয়ারবাজারে প্রতিটি টেসলা শেয়ারের লেনদেন হয় প্রায় ৩৪১ ডলার দামে। কিন্তু ১৪ এপ্রিল মাস্ক টুইটার ক্রয়ের প্রস্তাব দেয়ার পর থেকে শেষ নয় মাসে টেসলা শেয়ারের দাম নেমে এসেছে ১৭৩ ডলারে। অন্যদিকে, চীনের কঠোর কোভিড নীতির কারণে সাংহাইয়ে টেসলা কারখানার উৎপাদনও হোঁচট খেয়েছে। টেসলা শেয়ারের দরপতনের পেছনে যা অন্যতম কারনও বটে। টুইটারের কারণে ইলন মাস্কের মনোযোগ ভিন্ন খাতে যাচ্ছে বলে শঙ্কিত টেসলা’র বিনিয়োগকারীরা। টুইটার ও টেসলা ছাড়াও স্পেসএক্স এবং বোরিং কোম্পানির কাণ্ডারী মাস্ক। টুইটার অধিগ্রহণের তহবিল জোগাড় করতে গত এপ্রিল মাস থেকে ২ হাজার কোটি ডলারের টেসলা শেয়ার বিক্রি করেছেন মাস্ক। বর্তমানে ৪৪ কোটি ৫০ লাখ টেসলা শেয়ার আছে মাস্কের হাতে। কিন্তু শেয়ারবাজারের দরপতনে এর মূল্য ১৫ হাজার ১০০ কোটি ডলার থেকে ৭ হাজার ৭০০ কোটি ডলারে নেমে এসেছে। সব মিলিয়ে, বিশ্বের শীর্ষ ধনীর তকমা হাতছাড়া হওয়ার ঝুঁকিতে পড়েছেন মাস্ক।

টুইটার

টুইটার কিনলেন নাকি গলায় ফাঁস পড়লেন!: আর্থিক বিবেচনায় টুইটার সুবিধাজনক অবস্থায় নেই। মাস্কের অধীনে যাওয়ার আগে থেকেই লোকসান গুনছে এ কোম্পানি; গত বছর টুইটারের নেট লোকসান ছিল ২২ কোটি ১০ লাখ ডলার। মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ নেয়ার পর কোম্পানির প্রায় ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করেছেন। কর্মীদের হুমকির সুরে ‘কঠোর পরিশ্রম’ করতে বলার পর ইস্তফা দিয়েছেন আরও প্রায় ১২০০ কর্মী। মাস্কের অধীনে যাওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতার মুখে পড়ছে টুইটার। ‘অমানবিক’ ছাঁটাইয়ের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতের শরণাপন্ন হয়েছেন চাকরি খোয়ানো কর্মীরা। ইলন মাস্ক টুইটার কেনার পর বেশ কয়েকজন তারকা ও সেলিব্রিটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটিকে বিদায় জানিয়েছেন। জিম ক্যারি, হুপি গোল্ডবার্গ, শোন্ডা রাইমস, জিজি হাদিদ, টনি ব্র্যাক্সটন, সারা ব্যারেলিস, জামিলা জামিল তাঁদের মধ্যে অন্যতম। রবিবার সেই তালিকায় যুক্ত হয়েছেন জনপ্রিয় ইংরেজ গায়ক স্যার এলটন জন। ইলন মাস্ক টুইটার কেনার পর মাইক্রো ব্লগিং সাইটটির কিছু নীতি পরিবর্তন মেনে নিতে পারেননি তিনি। এলটনের টুইটার ত্যাগের ঘোষণার প্রতিক্রিয়ায় মাস্ক বলেছেন, তাঁর আশা, এই তারকা টুইটারে ফিরে আসবেন।

দৈনিক উত্তরদক্ষিণ । ১২ ডিসেম্বর ২০২২ । প্রথম পৃষ্ঠা

সিংহাসন হাতছাড়া হওয়ার পথে: ২০২১ সালের সেপ্টেম্বরে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনীর মুকুট পড়েছিলেন টেসলা’র মালিক ইলন মাস্ক। কিন্তু বছর না পেরতেই সেই অবস্থান রাখা নিয়ে শঙ্কা বাড়ছেই। মাস্ককে ছাড়িয়ে যেতে পারেন শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সের লাক্সারি গ্রুপ এলভিএমএইচ-এর প্রধান নির্বাহী বের্নার্ড আর্নো ও তার পরিবার। ফেনডি, ক্রিশ্চিয়ান ডিওর এবং সেফোরার মত বেশ কিছু বিলাসবহুল ব্র্যান্ডের মালিক ওই বহুজাতিক কোম্পানি। ফোর্বসের রবিবারের (১১ ডিসেম্বর) হিসেব বলছে ইলন মাস্কের সম্পদের পরিমাণ ১৮৮ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। আর বের্নার্ড আর্নো ও তার পরিবারের সম্পদের পরিমাণ ১৮৭ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। প্রসঙ্গত, গত বুধবার (০৭ ডিসেম্বর) স্বল্প সময়ের জন্য বের্নার্ড আর্নো’র কাছে সিংহাসন হারিয়েছিলেন মাস্ক। আর তাতেই যে কোনো মুহূর্তে সিংহাসনে পদার্পণ করতে পারেন বের্নার্ড আর্নো। শ্রেষ্ঠত্বের দরজায় তিনি কড়া নাড়ছেন। ফোর্বসের হিসেবে শীর্ষ ধনীর তালিকায় তৃতীয় অবস্থানে আছেন ইন্ডিয়ার বিজনেস জায়ান্ট গৌতম আদানি। তার সম্পদের পরিমাণ ১৩৩ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। এই তালিকায় সেরা পাঁচের বাকি দুটি অবস্থান সাবেক শীর্ষ ধনী জেফ বেজোস (১১২.৩ বিলিয়ন) ও ওয়ারেন বাফেট (১০৬.৩ বিলিয়ন)।

ইউডি/এজেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading