বিএনপি সব খেলাতেই হারবে: ওবায়দুল কাদের
‘তাদের ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু নেই। এরপরও খতিয়ে দেখা হচ্ছে মেনে নেওয়ার মতো কোনো দাবি আছে কি না’
উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৫৫
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে। এরপর সেমি ফাইনাল হবে। নির্বাচনে হবে ফাইনাল খেলা। সব খেলাই তারা (বিএনপি) হারবে।’
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে। ১০ ডিসেম্বর গেল, শুধু আতঙ্ক সৃষ্টি ছাড়া কিছুই করতে পারেনি। সব অচল করে দেওয়ার ছক একে বিএনপি এখন নিজেরাই অচল।
‘তাদের ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু নেই। এরপরও খতিয়ে দেখা হচ্ছে মেনে নেওয়ার মতো কোনো দাবি আছে কি না’, বলেন তিনি।
সংসদ থেকে বিএনপির সদস্যদের পদত্যাগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সংসদ সদস্যরা চলে গেলেন। এভাবে বয়কট করা বড় ভুল, অচিরেই বুঝতে পারবেন।’
রিজার্ভ নিয়ে এই নেতা বলেন, ‘দেশে পাঁচ মাসের রিজার্ভ মজুত আছে। তিন মাসের রিজার্ভ জমা থাকলেই দেশ স্বাভাবিক পরিস্থিতিতে থাকে। সেখানে পাঁচ মাসের রিজার্ভ মানে দেশে কোনো সংকট নেই।’
ইউডি/এ

