‘রংপুরে নির্বিঘ্নে ভোট দেওয়ার নিশ্চয়তা দেবে নির্বাচন কমিশন’
উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ২২:৫৭
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী আব্দুল আউয়াল বলেছেন, ‘রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার নিশ্চয়তা দেবে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে সবধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।’
সোমবার (১২ ডিসেম্বর) রাতে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ইভিএমে অনেক নিরপেক্ষ ভোট করা যায়, যা ব্যালটে সম্ভব নয়। স্টেকহোল্ডাররা সহযোগিতা করলেই শতভাগ আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব। প্রার্থীদের ইভিএমে শতভাগ আস্থা আছে।’

গাইবান্ধা নির্বাচনের মতো অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘প্রিসাইডিং অফিসারদের স্বচ্ছতার বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রার্থীরা আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় করতে অডিটোরিয়ামে আসেন প্রার্থীরা।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, সচিব জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন ও রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইউডি/এ

