৯ দিনে রেমিট্যান্স এসেছে ৫৪ কোটি ডলার

৯ দিনে রেমিট্যান্স এসেছে ৫৪ কোটি ডলার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১০:৫৮

ডলার সংকট কাটাতে প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়ানোসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পর চলতি মাসের প্রথম নয় দিনে প্রায় ৫৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ হিসাবে প্রতিদিন এসেছে গড়ে ছয় কোটি ডলার।

সমাপ্ত মাস গত নভেম্বরে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। প্রতিদিন গড়ে এসেছিল পাঁচ কোটি ৩১ লাখ ডলার। আগের দুই মাস অক্টোবর ও সেপ্টেম্বরে প্রতিদিন এসেছিল যথাক্রমে চার কোটি ৯২ লাখ ও পাঁচ কোটি ১৩ লাখ ডলার।

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে প্রতিদিন প্রায় সাত কোটি ডলার করে রেমিট্যান্স এসেছিল দেশে।

কেন্দ্রীয় ব্যাংক সোমবার (১২ ডিসেম্বর) চলতি ডিসেম্বর মাসের প্রথম ৯ দিনের (১ থেকে ৯ ডিসেম্বর) রেমিট্যান্সের তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, এই নয় দিনে ৫৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

এ সময় আট কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার। আর ৪২টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৪ কোটি দুই লাখ ৫০ হাজার ডলার। আর ৯টি বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৮ লাখ ডলার।

নভেম্বর মাসে ১৫৯ কোটি ৪৭ লাখ ৩০ হাজার (১.৫৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। ওই অঙ্ক ছিল গত বছরের নভেম্বরের চেয়ে ২ দশমিক ৬৪ শতাংশ বেশি। আর আগের মাস অক্টোবরের চেয়ে বেশি ছিল ৪ দশমিক ৫৩ শতাংশ।

দুই মাস পর নভেম্বরে প্রবৃদ্ধিতে ফিরেছিল রেমিট্যান্স। আগের দুই মাস সেপ্টেম্বর ও অক্টোবরে যথাক্রমে ১৫৩ কোটি ৯৬ লাখ এবং ১৫২ কোটি ৫৫ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ৮৭৯ কোটি ৩১ লাখ (৮.৭৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই অঙ্ক গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৬৫ শতাংশ বেশি। ২০২১ সালের এই পাঁচ মাসে আট দশমিক ৬৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।

অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের ফলে টানা দুই মাস পতনের পর নভেম্বরে ইতিবাচক ধারায় ফেরে বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্স। ডিসেম্বরে সেই ধারা আরও ইতিবাচক হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে। বৈধ পথে রেমিট্যান্স বাড়াতে হুন্ডি বন্ধে আরও কঠিন পদক্ষেপ নেয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আশা, জুলাই ও আগস্টের মতো ডিসেম্বর মাসে রেমিট্যান্সের অঙ্ক ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারে পৌঁছবে।

গত ২৯ নভেম্বর এক সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এখন থেকে প্রবাসীরা ঘরে বসেই মোবাইলে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন। হুন্ডি ঠেকাতে রেমিট্যান্স আনার প্রক্রিয়া আরও সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading