নয়াপল্টনের ঘটনায় বিদেশি মিশনগুলোতে সরকারের চিঠি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:০২
সহিংসতার পরিকল্পনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলায় উসকানি দেওয়ায় অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার কূটনৈতিক মিশনগুলোতে পাঠানো একটি চিঠিতে এ কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
চার পাতার ওই চিঠিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ ডিসেম্বর দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে সরকারের অবস্থানও তুলে ধরা হয়।

সেখানে বলা হয়েছে, ‘ওই দিন তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। এমনকি পুলিশের অনুমতিও তারা নেননি। অবরোধের কারণে নয়াপল্টন এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করে।
‘কিন্তু বিএনপির বিক্ষোভকারীরা তা অগ্রাহ্য করে পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপের পাশাপাশি যানবাহন ভাঙচুর শুরু করেন। তাদের হামলায় পুলিশের ৪৯ জন সদস্য আহত হন, যাদের একজনের অবস্থা গুরুতর।’
চিঠিতে বলা হয়, ‘বিএনপি পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করে অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আনার পাঁয়তারা করেছে।’
২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আগেও তারা এমনটি করেছিল বলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি করেছে সরকার।
ইউডি/এ

