অহেতুক সংঘাতের উসকানি দেবেন না: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৫২
২৪ ডিসেম্বর সমমনা দলগুলোকে নিয়ে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে বিএনপি যে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে তা না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেদিন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় বিএনপির প্রতি এই আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় এই আহ্বান জানান সেতুমন্ত্রী কাদের।
তিনি বলেন, ‘২৪ ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন, আমরা তাদের অনুরোধ করব ঢাকা শহরে অহেতুক সংঘাতের উসকানি দেবেন না। সারাদেশ থেকে আমাদের নেতাকর্মীরা আসবে, আমরা সংঘাত চাই না।’
আওয়ামী লীগের সম্মেলন সাদামাটা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে আওয়ামী লীগের সম্মেলনে কোনো আলোকসজ্জা হবে না। সাজসজ্জাও হবে মঞ্চ কেন্দ্রিক সামান্য, যেটা না হলেই না কিন্তু উপস্থিতি হবে বিশাল।’
এদিকে মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে সারাদেশের সব বিভাগীয় ও জেলা সদরে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।
এর আগে ২৪ ডিসেম্বর ঢাকাসহ সব মহানগর ও জেলা সদরে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে দলটি। এটা হবে সমমনা দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি। এই গণমিছিলে যোগ দিতে সব সমমনা দল এবং সরকারের বিরুদ্ধে সোচ্চার এমন ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
ইউডি/এ

