আদেশের সঙ্গেই ফখরুল-আব্বাসকে ডিভিশন দেওয়া দরকার ছিল : হাইকোর্ট

আদেশের সঙ্গেই ফখরুল-আব্বাসকে ডিভিশন দেওয়া দরকার ছিল : হাইকোর্ট
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৩৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশের সঙ্গে সঙ্গেই ডিভিশন দেওয়ার দরকার ছিল, তিন দিন দেরি করা ঠিক হয়নি। ভবিষ্যতে কারা কর্তৃপক্ষকে সতর্ক হতে বললেন হাইকোর্ট।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহামদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন।

এর আগে মঙ্গলবার মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসকে কারাগারে ডিভিশন দেওয়া হয়েছে বলে আদালতকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা আদালতকে জানিয়েছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে আজ থেকে কারাগারে ডিভিশন দেওয়া হয়েছে। এ সংক্রান্ত কাগজপত্রও আদালতে দিয়েছি। সেজন্য তাদের রিট আবেদন প্রত্যাহারের জন্য বলেছি।
‘কিন্তু বিএনপির আইনজীবীরা নিশ্চিত হতে চান আসলেই মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ডিভিশন দেওয়া হয়েছে কি না। এ কারণে আদালত আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছেন’, বলেন তিনি।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে মঙ্গলবার সকালে মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এ রিট দায়ের করেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading