কথা রাখলেন পরীমণি
উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:১৪
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণিও কাতার বিশ্বকাপ আসরে মেতে উঠেছেন। তার পছন্দের দল আর্জেন্টিনা। দলটিকে ভীষণভাবে ভালোবাসেন তিনি। তাই তো গত ১০ ডিসেম্বর প্রিয় দলের জয় হওয়ার প্রত্যাশা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিনেত্রী।
পরীমণি সেই সময় ফেসবুক হ্যান্ডেলে এক স্ট্যাটাসে বলেন, ‘আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্যে সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবো। প্রমিজ।’
অভিনেত্রীর প্রতিশ্রুতি দেওয়ার তিন দিন পার হয়েছে। এরই মধ্যে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসাইল স্টেডিয়াম মাঠে নামে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা। এতে প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে মেসির দল।
প্রিয় দলের জয়ে উচ্ছ্বসিত পরী। এখন চ্যালেঞ্জ ছুড়ে প্রতিশ্রুতি দেওয়া কথা পালনের সময়। অবশ্যই প্রতিশ্রুতি রাখবেন! সেটাই করলেন অভিনেত্রী।
কথা অনুযায়ী ব্রাজিলের জার্সি পরে আয়নার সামনে তোলা একটি সেলফি পোস্ট করেছেন ফেসবুকে। ছবিতে ব্রাজিল সাপোর্টার স্বামী ও অভিনেতা শরিফুল রাজকেও দেখা গেছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ফেসবুকে ছবিটি পোস্ট করে লেখেন, ‘বলেছিলাম, আর্জেন্টিনা জিতে গেলে আমি ব্রাজিল সাপোর্টার রাজের জন্যে সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবো। এই যে ডে ওয়ান।’
ইউডি/এ

