যুব মহিলা লীগের সম্মেলন মঞ্চে প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৪০
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে তিনি সম্মেলনস্থলে উপস্থিত হন।
শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখবেন।
যুব মহিলা লীগের সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকা ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে। সম্মেলন ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন যুব মহিলা লীগের নেতা-কর্মীরা।
এরইমধ্যে নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়েছে সম্মেলনস্থল। এসেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে এসেছেন মাজেদা খাতুন। তিনি জানান, দীর্ঘ পাঁচ বছর পরে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় তিনি খুবই আনন্দিত বোধ করছেন।
মাজেদা বলেন, ‘আমরা প্রায় ৩০০ নেতাকর্মী গোয়ালন্দ থেকে এসেছি। প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে দেখবো ভেবে আনন্দ হচ্ছে। আশা করি, সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী আগামীতে যোগ্য নেতৃত্ব বাছাই করবেন।’
পটুয়াখালীর রাশেদা আক্তার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল বাংলাদেশ বানিয়েছেন, দেশকে উন্নয়নশীল দেশের কাতারে তুলেছেন। সম্মেলনকে সামনে রেখে আমরা প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের প্রচার করেছি।’
এর আগে যুব মহিলা লীগের সব শেষ সম্মেলন হয় ২০১৭ সালের ১৭ মার্চ। এতে সভাপতি পদে নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক পদে অপু উকিলকে পুনর্নির্বাচিত করা হয়।
ছাত্রলীগের সাবেক নেত্রীদের নিয়ে ২০০২ সালের ৬ জুলাই গঠিত হয় যুব মহিলা লীগ।
ইউডি/এ

