৪৭ দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করল যাত্রীবিহীন প্রমোদতরী

৪৭ দিন পর হরমুজ প্রণালি অতিক্রম করল যাত্রীবিহীন প্রমোদতরী

উত্তরদক্ষিণ। শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:০৫

ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো হরমুজ প্রণালি অতিক্রম করেছে মাল্টার পতাকাবাহী যাত্রীবাহী জাহাজ (ক্রুজ লাইনার)। আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিক-এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, মাল্টার পতাকাবাহী ‘সেলেস্টিয়াল ডিসকভারি’ নামের জাহাজটি মার্চের শুরুতে দুবাইতে এসে পৌঁছায় এবং প্রায় ৪৭ দিন ধরে সেখানে নোঙর করা ছিল।

মেরিন ট্র্যাফিক আরও জানায়, জাহাজটি শুক্রবার (১৭ এপ্রিল) হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং বর্তমানে ওমানের মাস্কাটের দিকে যাচ্ছে। আজ দিনের শেষে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

মেরিন ট্রাফিকের দেয়া তথ্য অনুযায়ী, প্রমোদতরী হলেও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এটি কোনো যাত্রী ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রম করেছে। মূলত ক্রু মেম্বারদের নিয়ে জাহাজটি দুবাই থেকে ওমানের মাস্কাটের উদ্দেশে রওনা দেয়।

আন্তর্জাতিক সমুদ্রসীমায় প্রমোদতরীগুলোর নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, এই সফল ট্রানজিট সেই ভয় কিছুটা হলেও কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দেয় ইরান। এরপর যুদ্ধে তেহরান নৌপথটি নিয়ন্ত্রণের পাশাপাশি পুরো অঞ্চলজুড়ে অত্যাবশ্যকীয় অবকাঠামোতে আঘাত হানার সক্ষমতা ও ইচ্ছা উভয়ই প্রদর্শন করেছে, যা উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাসভিত্তিক অর্থনীতিকে বিপন্ন করেছে। শুক্রবার শর্তসাপেক্ষে গুরুত্বপূর্ণ এ প্রণালি উন্মুক্ত ঘোষণা করে ইরান।

বিশ্বব্যাপী নৌপরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি পরিবহন করা হয়। যুদ্ধের আগে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ এই প্রণালি দিয়ে যাতায়াত করত। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, প্রায় ৩২৫টি ট্যাঙ্কারসহ ৬০০টির বেশি জাহাজ উপসাগরে আটকা পড়ে আছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading