বিএনপির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল রোববার
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:০৮
বিএনপির ছেড়ে দেওয়া শূন্য আসনের উপনির্বাচনের তফসিল আগামী রোববার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘রোববার আমাদের কমিশন সভা রয়েছে। সে সভায় শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে। সভাশেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’
ঠিক কবে হতে পারে নির্বাচন এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘সরকারি ছুটি, পাবলিক পরীক্ষা এবং ধর্মীয় উৎসব আছে কি না তা দেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’

নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএমে এবং সিসি ক্যামেরার বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শূন্য আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা কাজ করবেন এ বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।
সামনের নির্বাচনে বিএনপিকে ডাকবেন কি না এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘আমরা নির্ধারিত কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবো না। আমাদের তফসিল ঘোষণা হবে সবদলের প্রতি।’
আইন সংশোধনে আইন মন্ত্রণালয় ইতিবাচক জানিয়ে তিনি বলেন, ‘আমাদের উভয়পক্ষের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা এ বিষয়ে সন্তোষজনক সিদ্ধান্ত দেবেন।’
ইউডি/এ

