শীতে কাঁপছে চুয়াডাঙ্গা
শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৪৫
চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এ মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গতকাল শুক্রবার ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ। রোদের প্রখরতা না থাকায় হিম বাতাসে কাবু হচ্ছে জনজীবন। শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
এদিকে তীব্র শীতে হাসপাতালগুলোতে শিশুসহ বিভিন্ন রোগীর ভিড় বেড়েছে। ডায়রিয়া, শ্বাসকষ্ট ও শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন সদর হাসপাতালে ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি হচ্ছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এটি আগামী মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে।
তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ইউডি/এ

