কে পাবেন ‘গোল্ডেন বল’

কে পাবেন ‘গোল্ডেন বল’

উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:০০

কাতার বিশ্বকাপে কে পাবেন সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’? প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়া সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভসই বা কার হাতে উঠবে? এসবের উত্তর জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

এবারের আসরে প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশি বল জড়িয়ে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে রয়েছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও ফরাসি সেনসেশন কিলিয়ান এমবাপ্পে।

দুজনই এ বিশ্বকাপে করেছেন পাঁচটি করে গোল। পাঁচ গোল করতে মেসি খেলেছেন ছয়টি ম্যাচ। শুধু নিজেই গোল করে ক্ষান্ত হননি, সতীর্থকেও বল জালে জড়াতে সহযোগিতা করেছেন তিনবার। স্বীকৃতি হিসেবে ছয় ম্যাচের চারটিতে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

অন্যদিকে মেসির সমান ম্যাচে সমান গোল করা এমবাপ্পে সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন দুটি। ম্যাচসেরা হয়েছেন তিনবার।

মেসি-এমবাপ্পের পর গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ ও ফ্রান্সের অলিভিয়ের জিরুড। তাদের দুজনেরই ঝুলিতে রয়েছে চারটি করে গোল।

ফাইনালে জোড়া গোল করলে মেসি-এমবাপ্পেকে টপকে সোনার বুট ছিনিয়ে নিতে পারবেন আলভারেজ বা জিরুড।

গোল্ডেন বুটের পাশাপাশি বিশ্বকাপে সেরা পারফরম্যান্সের জন্য গোল্ডেন বলের দৌড়েও সবার ওপরে মেসির নাম। গোল, সুযোগ তৈরি, সহায়তা ও প্লে-মেকিংয়ের মাধ্যমে দলকে ফাইনালে তুলতে অসাধারণ ভূমিকা পালন করেন এই আর্জেন্টাইন প্রাণভোমরা।

গোল ও সহায়তার কল্যাণে গোল্ডেন বলের লড়াইয়ে রয়েছেন এমবাপ্পেও। তবে এবারের বিশ্বকাপে ফ্রান্সের মধ্যমণি আঁতোয়ান গ্রিজমান। পুরো আসরে প্লে-মেকিংয়ে দুর্দান্ত দক্ষতার পরিচয় দিয়েছেন এই অ্যাটলেটিকো ফরোয়ার্ড। দরকারে রক্ষণে নামা গ্রিজম্যান গোল্ডেন বলের দৌড়ে এমবাপ্পের চেয়ে একটু এগিয়েই থাকবেন।

বিশ্বকাপ শিরোপার স্বপ্ন শেষ হলেও মরক্কোর সুফিয়ান আমরাবত ও ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের সামনেও কিঞ্চিত সুযোগ থাকছে গোল্ডেন বল জেতার।

বিশ্বকাপের মঞ্চে গোলপোস্টের নিচে বীরত্বের প্রমাণ দেওয়া সেরার তালিকায় শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। দারুণ সব সেভের পাশাপাশি কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে প্রতিপক্ষের দুটি পেনাল্টি শট ঠেকিয়ে দেন তিনি।

ফাইনালে না উঠলেও গোল্ডেন গ্লাভসের দাবিদার ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ ও মরক্কোর ইয়াসিন বুনু। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দাবি শক্ত করার সুযোগ পাচ্ছেন এ দুই তারকা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading